ঢাকায় একে ২২ রাইফেলসহ গ্রেপ্তার দুজন কারাগারে
দুই দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে ঢাকার সায়দাবাদে একে ২২ রাইফেলসহ গ্রেপ্তার দুজনকে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ হয় বলে মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট আদালতে দেওয়া এক প্রতিবেদনে বলছে, রাজধানী ও এর আশপাশ এলাকায় বড় ধরনের নাশকতা চালানোর জন্য অস্ত্র-গুলি আনা হয়েছিল।
গত ৩০ জুন সন্ধ্যায় সায়দাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে থেকে কামাল ও সাইদুলকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিটের আর্মস এনফোর্সমেন্ট টিম।
এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের আর্মস এনফোর্সমেন্ট টিমের উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হক চৌধুরী বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, “ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে কয়েকজন লোক অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। তখন অভিযান চালিয়ে একে ২২ রাইফেল ও গুলিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।”
ওই সময় ঘটনাস্থল থেকে কামাল ও সাঈদুলের সঙ্গে থাকা কুমিল্লার হাসিব, কুমিল্লার ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, চট্টগ্রামের বাবুল উদ্দিন ও সাদেক আহম্মেদ পালিয়ে যান বলে এজাহারে বলা হয়।
