অনলাইনে ১২ লাখ শিশুর সুরক্ষায় গ্রামীণফোন, টেলিনর ও ইউনিসেফ
ইন্টারনেটে বাংলাদেশে শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে জোট বেঁধেছে গ্রামীণফোন, টেলিনর গ্রুপ ও ইউনিসেফ।
সারা দেশের ১২ লাখ শিশু-কিশোরকে অনলাইনে নিরাপদ থাকার বিষয়ে প্রশিক্ষণ দিতে বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি ‘অংশীদারিত্ব চুক্তি’ করেছে এই তিন সংস্থা।
বাংলাদেশে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডারা জনস্টন বলেন, শিশুদের যথাযথ দক্ষতা অর্জন করে নিরাপদে এবং উপযুক্ত পরিবেশে ইন্টারনেট ব্যবহারে সক্ষম হতে হবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে শিশুর অনলাইন সুরক্ষা সম্পর্কে বাস্তবসম্মত পরামর্শগুলো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশে তা শিশু শিক্ষার অংশ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে একটি সমন্বিত যোগাযোগ প্রচারাভিযান চালানো হবে, যার লক্ষ্য হবে ২ কোটি মানুষের কাছে পৌঁছানো।
এর মধ্য দিয়ে অনলাইনে শিশুর সুরক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে। পাশাপাশি সহায়ক পদক্ষেপ নিতে অন্তত ৫০ হাজার মানুষকে প্রচারাভিযানে সম্পৃক্ত করা হবে।
বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেডের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ওলে বিয়র্ন বলেন, “শিশুদের জন্য একটি নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করতে প্রতিবছর আমরা গ্রামীণফোনে এই চাইল্ড অনলাইন সেইফটি ক্যাম্পেইন আয়োজন করি। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইন্টারনেট বিষয়ে তাদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল এবং যথাযথ জ্ঞান অর্জন করবে।”
গ্রামীণ ফোনের মূল প্রতিষ্ঠান নরওয়ের টেলিনর গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (সাসটেইনইবিলিটি) মনীষা ডগরা বলেন, “যেসব দেশে আমাদের কার্যক্রম রয়েছে, সেসব দেশের ৪০ লাখ শিশুকে ২০২০ সালের মধ্যে অনলাইন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রচেষ্টায় আজকের এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
টেলিনর গ্রুপ ২০১৪ সাল থেকে এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে কাজ করছে বলে জানান তিনি।
কীভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে হয় সে বিষয়ে শিশু, তাদের বাবা-মা ও লালন-পালনকারীদের সচেতন করার বিষয়টি নিশ্চিত করতে এবং ‘বি স্মার্ট, ইউজ হার্ট’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনতে ২০১৮ সাল থেকে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে ইউনিসেফ বাংলাদেশ, গ্রামীণফোন ও টেলিনর।
অনুষ্ঠানে জানানো হয়, বাবা-মায়েদের সংবেদনশীল করে তোলাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য, কেননা ইন্টারনেটে শিশুরা কী ধরনের কনটেন্ট দেখবে তা নিয়ে শঙ্কা থেকে অনেক বাবা-মা তাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহার করতে বাধা দেন। তাতে শিশুদের ইন্টারনেট থেকে উপকৃত হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।
শিশুদের অনলাইন সুরক্ষায় সহায়তা দিতে এই প্রকল্পের আওতায় ৪ লাখ বাবা-মা, শিক্ষক ও সংশ্লিষ্টদের ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে।
