২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের শৃঙ্খলা ভাঙলে শাস্তি: প্রতিমন্ত্রী

জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা শৃঙ্খলা ভাঙলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 06:41 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

সচিবালয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ বিতরণ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফরহাদ বলেন, “আমরা খুব শক্ত করেই বলতে চাই- প্রশাসনে একটি শৃঙ্খলা আছে, যারা প্রশাসনের এই শৃঙ্খলা ভাঙবেন তাদেরকে কিন্তু শাস্তি পেতে হবে।”

সবাইকে শুদ্ধাচার চর্চা করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যারা শুদ্ধাচার চর্চা করছেন না, তাদের জন্য আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই- প্রধানমন্ত্রী দৃঢ়তা দেখিয়েছেন, আমরা কোনোভাবে দুর্নীতিকে বরদাশত করব না।

“দুর্ব্যবহার দুর্নীতির শামিল, দুর্ব্যবহারকেও আমরা বরদাশত করব না, এই সরকার বরদাশত করবে না।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্য থেকে এবার বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শেখ মুজিবুর রহমান [বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে কর্মরত] শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

এছাড়া গ্রেড-১ থেকে দশম গ্রেডভুক্ত ক্যাটাগরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মো. তমিজুল ইসলাম খান এবং গ্রেড-১১ হতে গ্রেড-২০ ভুক্ত ক্যাটাগরিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দপ্তরের অফিস সহায়ক মো. জাকির হোসেন ভূইয়া শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

পুরষ্কারপ্রাপ্তদের হাতে সনদ এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পুরষ্কার হিসেবে তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “উন্নয়নের বিভিন্ন সূচকে আমরা বেশ এগিয়েছি। ইতোমধ্যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করেছি। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া।

“আমি বিশ্বাস করি, আপনারা মেধা, মনন, দেশপ্রেম, সৃজনশীলতার প্রয়োগ ঘটিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখবেন,” জনপ্রশাসনের কর্মচারীদের উদ্দেশে বলেন ফরহাদ।

“বর্তমান সরকার জনপ্রশাসনকে যেভাবে নির্দেশনা ও শুদ্ধাচারের মধ্য দিয়ে এই জায়গায় আনতে সক্ষম হয়েছে, সরকারের স্বদিচ্ছাটাই এখানে কিন্তু ফুটে উঠেছে। কাজের প্রতি আমাদের এক ধরনের স্পৃহা তৈরি হয়েছে।”

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের কিছু অনিয়ম ও ত্রুটি ছিল। আমরা অনিয়ম অনেকাংশে দূর করতে সক্ষম হয়েছি। জঙ্গিবাদের মতো আমরা দুর্নীতিতেও জিরো টলারেন্স।

“আমরা সম্মিলিতভাবে শুদ্ধাচার চর্চা ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমূলে দুর্নীতির মূল উৎপাটন করতে চাই। তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে আমরা কোয়ালিটি সার্ভিস দিতে সক্ষম হব।”

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর এম আসলাম আলম ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।