২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদ নির্বাচনের নীতিমালা করতে কমিটি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনে নীতিমালা ঠিক করতে উপ-কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2019, 06:42 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক চার সদস্যসের ওই উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিন।

গত ২১ মে সংসদীয় কমিটির বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে মতভিন্নতা দেখা দেয়।

২০১৬ সালে আদালতের রায়ে স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে অভিপ্রায়ের ভিত্তিতে স্থানীয় এমপির সভাপতি পদে মনোনীত হওয়ার বিধান বাতিল হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে এবং শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কারিকুলামের আওতায় আনার মাধ্যমে চাকরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার সম্ভাবনা রাখতে মাদ্রাসা অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ডকে এ সম্পর্কিত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড় দেশে যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার স্থাপনের আগে সরকারের বিধি-বিধান যথাযথ অনুসরণের মাধ্যমে সরকারের পূর্বানুমোদন নিশ্চিত করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।

পুরনো খবর:

গভর্নিং বডির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে মতভিন্নতা