২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাসে অনশন ভেঙেছেন ছাত্রলীগের বিক্ষুব্ধরা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে তিন দিন পর অনশন ভেঙেছেন ছাত্রলীগের কমিটি নিয়ে বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 10:20 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

সোমবার রাত ৮টার দিকে ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে বিক্ষুব্ধদের অনশন ভাঙান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

অনশন ভাঙানোর পর পপি বিক্ষুব্ধদের ১০ জনের একটি প্রতিনিধি দলকে নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের কাছে যান। পপির সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা জোবায়েদুল হক রাসেল।

বিক্ষুব্ধদের অন্যতম ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাদের স্যারের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি। এখন কাদের স্যারের সাথে দেখা করতে আমরা ১০ জন আসছি। স্যারের সাথে আলোচনা করে আমরা আমাদের পরবর্তী অবস্থান জানাব।”

পপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইয়ের নির্দেশে আমি বিদ্রোহীদের বুঝিয়েছি। কাদের ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি। তারা অনশন ভেঙেছে।”

আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠকের পর রাকিব বলেন, “কাদের স্যার আমাদের আশ্বাস দিয়েছেন, বিতর্কিতদের বাদ দেওয়া হবে, ত্যাগীদের মূল্যায়ন করা হবে।”

আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিক্ষুব্ধদের নিয়ে খেতে যান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়াসহ চার দফা দাবিতে গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন বিক্ষুব্ধরা।

তাদের দাবিগুলো হল- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ; শূন্য ঘোষিত ১৯টি পদ ছাড়াও যারা ‘বিতর্কিত’ রয়েছেন তাদের নাম পদবিসহ প্রকাশ, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার।

পুরনো খবর:

শেখ হাসিনাকে স্মারকলিপি ছাত্রলীগের বিক্ষুব্ধদের