২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া-ইরাকে যাওয়া জঙ্গিরা দেশে ফিরলেই গ্রেপ্তার: সিটিটিসি

বাংলাদেশ থেকে যারা ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়া ও ইরাকে পাড়ি জমিয়েছিল, তারা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 09:02 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

তিন বছর আগে গুলশানের হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে গিয়ে  সাংবাদিকদের একথা জানান সিটিটিসির প্রধান ও ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, “বাংলাদেশ থেকে যে সমস্ত জঙ্গিরা সিরিয়া ও ইরাকে যুদ্ধ করতে গিয়েছে, তারা কেউ দেশে ফিরতে পারবে না। যদি ফেরে, তবে প্রবেশ পথে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে হামলার পর বাংলাদেশের অনেকের আইএসে যোগ দিতে সিরিয়া-ইরাকে পাড়ি জমানোর খবর বেরিয়ে আসে।

মনিরুল বলেন, “যে সব জঙ্গি বাংলদেশ থেকে গিয়ে যুদ্ধ করেছে, তারা সকলে আইডেন্টিফাইড এবং তাদের অনেকে নিহত হয়েছে।”

 তবে ওই সব জঙ্গির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া  ‘কঠিন’ বলে স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।

“কারণ যেখানে তারা যুদ্ধ করেছে, সেখানকার শাসন ব্যবস্থা অন্যসব দেশের মতো না বলেই যোগাযোগ করে তথ্য নেওয়া সম্ভব হয়ে উঠে না।”

বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে জানিয়ে মনিরুল বলেন,  “কেউ বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমাদের এন্ট্রি পয়েন্টে তাদের সনাক্ত করা সম্ভব হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব আমরা।”

জঙ্গিবাদ ‘পরাস্ত’ না হওয়া পর্যন্ত সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের বলেন,  “জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটি শুরু মধ্যপ্রাচ্যে। তারপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

“ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি আমাদের দেশে ঢোকে এবং এতে অনেকেই বিপদগামী হয়।”

এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে জঙ্গিরা দমিত হলেও সারাবিশ্বে তাদের সক্রিয় থাকার কথা বলেন ‌র‌্যাবের মহাপরিচালক।

তিনি বলেন, ”সম্প্রতি ইউরোপিয়ান পুলিশ অর্গানাইজেশন একটি জরিপ করেছে, যেখানে ২১০৮ সালে বিভিন্ন দেশে ১২৯টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তার মানে, বুঝতে হবে বৈশ্বিকভাবে জঙ্গিবাদ পরাস্ত হয়নি।”

হলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণে র‌্যাব প্রধান এবং কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা ছাড়াও ইতালি, জাপানের রাষ্ট্রদূতসহ দেশ-বিদেশের অনেকে হলি আর্টিজান বেকারিতে গিয়ে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

যেখানে তিন বছর আগে হামলা হয়েছিল, সেখানে দোতলা ভবন এবং খোলা উঠানটি সে রকমই আছে। ভবনটির নিচতলায় বাইরে ছোট বারান্দায় একটি টেবিল রাখা হয়। ভবনের দেয়াল, দরজা জানালায় নিহতদের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে একটি ব্যানার টাঙ্গানো ছিল।

সাদা চাদর দিয়ে ঢাকা এই টেবিলে ফুল রেখে শ্রদ্ধা জানান সবাই। কাউকে নিবরে দাঁড়িয়ে কিছুক্ষনের জন্য চোখ বুঁজে থাকতেও দেখা যায়।

২০১৬ সালের ১ জুলাই রাতটি দুঃসহ হয়ে এসেছিল হলি আর্টিজান বেকারির কর্মীদের জন্য, যা বেদনায়ক একটি অধ্যায় গোটা বাংলাদেশের জন্যও।

দেশি-বিদেশি অতিথিদের নিয়ে ওই সন্ধ্যায় যখন সরব গুলশান লেক লাগোয়া হলি আর্টিজান বেকারি, তখন সশস্ত্র পাঁচ জঙ্গি ঢুকে পড়ে সেখানে, অস্ত্রের মুখে সবাই জিম্মি করে তারা। শুনে সেখানে ঢুকতে গিয়ে জঙ্গিদের হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

পাঁচ তরুণের সরাসরি অংশগ্রহণে হলি আর্টিজান বেকারিতে ওই হামলায় ২০ জনকে জবাই ও গুলি করে হত্যা করা হয়।

নজিরবিহীন ওই হামলা দেশে জঙ্গিবাদের বিপদজনক বিস্তারের মাত্রা স্পষ্ট করে তোলে। বড় ওই ধাক্কা বাংলাদেশকে বদলে দেয় অনেকখানি।

এই জঙ্গি হামলার মামলার অভিযোগপত্রে বলা হয়, নব্য জেএমবির জঙ্গিরা ছয় মাস ধরে পরিকল্পনা করে ওই হামলা চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল, দেশকে ‘অস্থিতিশীল’ করা, বাংলাদেশকে একটি ‘জঙ্গি রাষ্ট্র’ বানানো।