২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের টিকেট কেটে ‘জীবনের দুটি দিন নষ্ট’

বিমানের টিকেট কেটে যাত্রায় দেরি হওয়ার পাশাপাশি নানা ভোগান্তিতে পড়ার অভিযোগ তুলেছেন লন্ডন-ঢাকা রুটের একদল যাত্রী।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 07:21 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

গত ২৮ জুনের লন্ডন-ঢাকা ফ্লাইটের এক যাত্রী বলেছেন, বিমানের কারণে তার জীবনের দুটি মূল্যবান দিন ‘নষ্ট’ হয়েছে, ভবিষ্যতে বিমানের টিকেট কেনার আগে ভাববেন তিনি।

যাত্রীদের অভিযোগ, ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য বিমান কর্মকর্তারা তাদের জানাননি, ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীদের কোনো খবরও তারা নেননি।

আবহাওয়ার কারণে ওই দিনের ফ্লাইট বিলম্বিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও যাত্রীদের অন্য অভিযোগ অস্বীকার করেছেন বিমান কর্মকর্তারা।

গত ২৮ জুন বিমানের বিজি ০০১ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের পথে ছেড়ে যায় ছয় ঘণ্টা দেরিতে।

ফলে লন্ডন থেকে উড়োজাহাজটি যখন ফ্লাইট বিজি ২০২ নাম নিয়ে ফিরতি পথে যাত্রা করে, তখনও সেটি ৬ ঘণ্টা বিলম্বিত। অর্থাৎ, দুই দিকের যাত্রীদেরই ওইদিন ভুগতে হয়েছে।

যুক্তরাজ্যে বহু বাংলাদেশি থাকায় বিমানের ঢাকা-লন্ডন রুটে যাত্রী থাকে অন্য ফ্লাইটের তুলনায় বেশি। হিথ্রোতে ফ্লাইটের সময়ের তিন ঘণ্টা আগে যাত্রীদের চেক-ইন করতে হয়। আর লন্ডনের মত বড় শহরে যাত্রীদের বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হতে হয় চেক-ইনের সময়ের অন্তত দুই ঘণ্টা আগে।

যাত্রীদের অভিযোগ, ফ্লাইট বিলম্বিত হলেও বিমান কর্তৃপক্ষ তা না জানিয়ে যাত্রীদের নির্ধারিত সময়েই চেক-ইন করায়, কারণ চেক-ইন কাউন্টার বাড়তি সময় খোলা রাখতে হলে তাদের বাড়তি টাকা গুণতে হয়।

যাত্রীদের মধ্যে অনেক বয়স্ক মানুষ থাকেন, অনেকের স্বাস্থ্য সমস্যাও থাকে। ফলে ওই ঝক্কি সামলে বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট যখন কোনো ঘোষণা ছাড়াই ছয় ঘণ্টা বিলম্বিত হয়, তখন তাদের দুর্ভোগের সীমা থাকে না।  

সেদিনের ওই ফ্লাইটের একাধিক যাত্রী নিজেদের ভোগান্তির কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।

শাহাদত হোসেন নামের এক যাত্রী তার ভোগান্তির কথা তুলে ধরে ফেইসবুকে একটি পোস্টও দিয়েছেন।          

তিনি লিখেছেন, সময়মতো চেক-ইন করতে হওয়ায় সব মিলিয়ে তাকে ৮ ঘণ্টা হিথ্রো বিমানবন্দরে কাটাতে হয়েছে। আর ফ্লাইট ছাড়ার পর নোংরা টয়লেট, সীমিত খাবার আর সীমিত বিনোদনের ব্যবস্থা সেই ভোগান্তি আরও বাড়িয়েছে।

গত কয়েক বছর ধরে বিমানে চলাচল করা শাহাদাত জীবনের ‘দুটি দিন নষ্ট’ হওয়ার কথা জানিয়ে আফসোস করে লিখেছেন, ভবিষ্যতে আবারও বিমানে ভ্রমণ করতে চাইবেন কি না- সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

সেদিন সকালে বিমানের লন্ডন ফ্লাইট ধরার জন্য সিলেট থেকে ঢাকায় আসা সৈয়দ ফেরদৌস আলী জানান, তার বৃদ্ধ মা-বাবাকে হুইল চেয়ারে বসে ছয় ঘণ্টা ঢাকার শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং গেইটে অপেক্ষা করতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এতটা সময় কেউ এক গ্লাস পানিও সাধেনি। আবার নিরাপত্তার কারণে কাউকে বোর্ডিং গেইটের ওয়েটিং এরিয়া থেকে বাইরেও যেতে দেওয়া হয়নি।

“বিমান কর্তৃপক্ষ অবিবেচকের মত যে অমানবিক আচরণ করেছে, তা বিস্ময়কর। আমার পরিবারের আর কেউ ভবিষ্যতে আর বিমানে চলাফেরা করতে চাইবে বলে মনে হয় না।”

নিয়মিত বিমানে যাতায়াত করেন, এমন একজন যাত্রী বলেন, “বিমানের একটি বড় বাজে দিক হল ফ্লাইট বিলম্বিত হলে কিংবা সূচিতে কোনো পরিবর্তন বা কোনো সমস্যা হলে সেই তথ্য তারা যাত্রীদের জানানোর প্রয়োজন মনে করে না।”

যাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরূপ আবহাওয়ার কারণে ২৮ জুন সিলেটের যাত্রীদের আনতে দেরি হওয়ায় ফ্লাইটটি দেরিতে ছেড়েছিল।

“লন্ডনগামী ফ্লাইটের যাত্রীদের সিলেট থেকে আনতে ভোরে একটি অভ্যন্তরীণ ফ্লাইট সিলেটের উদ্দেশে যাত্রা করে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই ফ্লাইট সিলেটে নামতে না পেরে ঢাকায় ফেরত আসে।

“পরে বেলা ১১টার দিকে ওই বিমান আবার সিলেটে যায়। বেলা সাড়ে ৩টার পর সেটি ঢাকায় আসে। এরপর বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইটের যাত্রীদের সঙ্গে তারা বিকালের পর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে।”

দেরির বিষয়টি অপেক্ষমান যাত্রীদের জানানো হয়েছিল কি না- সে প্রশ্নের সদুত্তর মেলেনি বিমান কর্মকর্তাদের কাছ থেকে।

তাহেরা খন্দকার বলেন, “ফ্লাইট বিলম্ব হওয়ার ঘটনাটি কেবল সিলেটে খারাপ আবহাওয়ার কারণে হয়েছে। ওই পরিস্থিতিতে যা যা করার, বিমান কর্তৃপক্ষ সেটা করেছে। এখানে কারও কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল না।”

সেক্ষেত্রে যাত্রীরা অভিযোগ করছে কেন- এ প্রশ্নে এই বিমান কর্মকর্তা বলেন, “যাত্রীদের একেক জনের একেক ধরনের প্রত্যাশা থাকতে পারে। কারও কোনো অভিযোগ থাকতে পারে। কিন্তু বিমান তার যা করণীয়, সেটা করেছে।”

বিমানের সেবার মান নিয়ে যাত্রীদের অভিযোগ বহু দিনের। রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থায় অনিয়মের তথ্য খোদ প্রধানমন্ত্রীর কথাতেও এসেছে।

বিমানে অব্যবস্থাপনা দূর করতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরতে গিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “একদিকে টিকেট পাওয়া যায় না, আরেক দিকে সিট খালি থেকে যায়। আমি ধরলাম। এখন আর সিট খালি থাকে না।”