গাজীপুরে ম্যারাথন বাংলাদেশের আল্ট্রা ম্যারাথন
ম্যারাথন বাংলাদেশের উদ্যোগে গাজীপুরে অনুষ্ঠিত হলো ৮০ কিলোমিটার এবং ৫০ কিলোমিটার দূরত্বের দুটি আল্ট্রা ম্যারাথন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই দীর্ঘ দৌড় প্রতিযোগিতা প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি আয়োজকদের।
একটি পূর্ণ ম্যারাথনের দৈর্ঘ্য হয় ৪২ দশমিক ২ কিলোমিটার। এর বেশি দূরত্বের মেরাথনকে বলা হয় আল্ট্রা ম্যারাথন।
সবধরনের মাদকদ্রব্য থেকে দূরে থেকে শরীর চর্চ্চায় তরুণদের উৎসাহিত করা ছিল এ আয়োজনের লক্ষ্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি ম্যারাথনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে দুই জন নারীসহ ২৬ জন অংশ নেন। ভারত থেকে অংশ নেন দুই জন।
বৃহষ্পতিবার রাত ১০টায় গাজীপুরের রাজবাড়ি মাঠ থেকে ৮০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে শুরু করেন ছয় জন। ১১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে এতে যৌথভাবে প্রথম হন এম মাহফুজুল হক ও সাজ্জাদ হোসেন। ১২ ঘন্টা ০৫ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হন আইনুল ইসলাম মাহাবুব।
শুক্রবার ভোর ৪টায় একই স্থান থেকে ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে মোট ২০ জন অংশ নেন। ৬ ঘণ্টা ২৫ মিনিট সময় নিয়ে এতে প্রথম হন কমল কৃষ্ণ রায়। ৬ ঘন্টা ৪৩ মিনিট সময় নিয়ে ওয়াসিওর রহমান দ্বিতীয় এবং ৬ ঘন্টা ৫৩ মিনিট সময় নিয়ে প্রশান্ত কেরকেটা তৃতীয় হন।
দৌড় শেষে গাজীপুরের হানকাটা ব্রিজের পাশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন ম্যারাথন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম।
