২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটের পেটের দুই খেয়াঘাট সরাতে ‘বাধা’ ওপারের ব্যবসায়ীরা

পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বড় বড় লঞ্চের ধাক্কা ও ঢেউয়ে নদী পারাপারের ছোট নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটতে থাকলেও ওপারের ব্যবসায়ীদের কারণে ওই ঘাটগুলো সরানো যাচ্ছে না।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2019, 10:24 AM

Updated : 10 Oct 2022, 09:13 PM

সদরঘাটের মূল টার্মিনালে পশ্চিম পাশে এক নম্বর পন্টুন। এই পন্টুন ঘেঁষেই সিমসন ঘাট আর মূল পন্টুনের পূর্ব পাশে লালকুঠি ঘাট।

সিমসন ঘাটের পশ্চিম পাশে পটুয়াখালী টার্মিনাল আর লালকুঠির ঘাটের পূর্ব পাশে চাঁদপুরগামী যাত্রীদের একটি টার্মিনাল রয়েছে। মূল টার্মিনাল, পটুয়াখালীগামী ও চাঁদপুরগামী লঞ্চ টার্মিনাল তিনটির মাঝে সিমসন ও লালকুঠি খেয়াঘাট।

প্রায় ২০০ ফুট দীর্ঘ এই লঞ্চ ঘাটের  ফাঁক দিয়ে বা পেছন দিয়ে দুই খেয়াঘাট হয়ে নৌকায় পারাপার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক হুমায়ূন করিব বলেন, এই দুটি ঘাট দিয়ে প্রতিদিন শতাধিক নৌকা কয়েকবার করে যাওয়া-আসা করে। এদিকে সদরঘাট থেকে ৪৩ রুটের ৫০ এর বেশি লঞ্চ যাওয়া-আসা করে। ঈদের সময় যাতায়াত করে শতাধিক লঞ্চ। এই কারণে এই দুটি খেয়াঘাট দিয়ে নৌকা দিয়ে পারাপার খুবই বিপজ্জনক।

লঞ্চ থেকে নেমে অথবা খেয়াঘাট দুটি দিয়ে নদী পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। গত ২১ জুন সিমসন ঘাট দিয়ে নৌকায় নদী পার হতে গিয়ে লঞ্চের ধাক্কায় মিশকাত (১২) ও নুসরাত (৫) ডুবে মারা যান।

তার আগে ৭ মার্চ পরিবারের সদস্যদের নিয়ে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় করে সদরঘাটের দিকে আসছিলেন শাহজালাল মিয়া (৩৮)। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল তাদের।

রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে সুরভি-৭ লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

নৌ পুলিশের টহল দল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও  তার স্ত্রী সাহিদা, দুই সন্তান মিম (৮), মাহি (৬) এবং শাহজালালের বোন জামশেদা ( ২১), জামশেদার স্বামী দেলোয়ার ও জামশেদার ছয় মাস বয়সী সন্তান জুবায়েদ নিখোঁজ হয়। পরে ডুবুরি দল একে একে নিখোঁজ ছয়জনের মৃতদেহ উদ্ধার করে। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজালাল মিয়াও।

তার আগে ২৫ জানুয়ারি রাতে লালকুঠির খেয়াঘাট থেকে নৌকায় কেরানীগঞ্জ যাওয়ার পথে খেজুরবাগ এলাকার মতিউর রহমান (৫০), তার স্ত্রী রোজিনা বেগম (৪২), এই দম্পতির সন্তান আশিক হোসেন (৫) ও মতিউরের ভাবি মমতাজ বেগম (৪৮) ডুবে যান। মাঝ নদীতে তাদের নৌকাটিকে এমভি মানিক -৫ লঞ্চ ধাক্কা দিলে ঘটে এই দুর্ঘটনা। পরে ডুবুরি দল চারজনের মৃতদেহ উদ্ধার করে।

গত বছর ২ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরঘাট টার্মিনালে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে যায়। ওই নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে ছয়জন তীরে সাঁতার কেটে পৌঁছতে পারলেও দুই কিশোরী নিখোঁজ হয়। ওই রাতেই  ডুবুরি দল শম্পা ও সানজিদা নামে দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে।

এভাবে দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সদরঘাট দিয়ে ছোট এই সব নৌকা চলাচল বন্ধ করতে চায় কর্তৃপক্ষ। তবে বুড়িগঙ্গার ওপারের কালীগঞ্জের ব্যবসায়ীদের বাধায় তা সম্ভব হচ্ছে না বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্চ মাসে দুর্ঘটনার পর এই খেয়াঘাট দুটি ৫০ গজ দূরে সরিয়ে দেই। কিন্তু একদিন পর মাঝিরা ও কালীগঞ্জের বিশেষ করে আলম টাওয়ারের ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে লঞ্চে ঢিল মারা থেকে শুরু করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।”

এই অবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রত্যাশা করে বিআইডব্লিউটি ‘র এই কর্মকর্তা বলেন, “তাহলে খেয়াঘাট দুটি একটু দূরে সরিয়ে নেওয়া সম্ভব এবং তাতে অনেক দুর্ঘটনা কমে যাবে।”

সদরঘাট থেকে খেয়াঘাট সরালে ওপারে তাদের ব্যবসায় কী ক্ষতি হবে জানতে চাইলে কালীগঞ্জের এস আলম টাওয়ারের ‘ডলফিন ফ্যাশন’-এর কর্মচারী মো. নজরুল ইসলাম বলেন, এই খেয়াঘাট দুটি বন্ধ হলে ব্যবসার ‘অনেক ক্ষতি হবে, ক্রেতা কমে যাবে’।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এস আলম টাওয়ার ছাড়াও এখানে আরও অনেকগুলো মার্কেট রয়েছে, দোকানের সংখ্যা চার থেকে পাঁচ হাজার হবে। এসব দোকানে শত শত লোক দেশের বিভিন্ন এলাকা থেকে আসে। ক্রেতারা সিমসন ঘাট ও লালকুঠির ঘাট দিয়ে নদী পার হয়।”

দুর্ঘটনার বিষয়ে শাহিন নামে কালীগঞ্জের এক কাপড় ব্যবসায়ী বলেন, সন্ধ্যার দিকে দুর্ঘটনা বেশি ঘটে। এ সময় নৌ-পুলিশ, লঞ্চ চালক ও মাঝি সবাই সচেতন হলে দুর্ঘটনা অনেক কমে যাবে।

এই ঘাট দিয়ে পারাপার হতে গিয়ে তাদের অনেক ক্রেতাও হতাহত হয়েছেন বলে জানান তিনি।

২০ বছর ধরে সিমসন ঘাটে নৌকা চালান পিরোজপুরের আব্দুর রহিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত বছর ধরে নৌকা চালাই কোনো দিন কোনো দুর্ঘটনা ঘটে না। একটু সাবধানে পারাপার হলেই এ সমস্ত দুর্ঘটনা ঘটত না।”

খেয়া ঘাট ৫০ ফুট দূরে সরিয়ে দিলে মাঝিদের কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, “সমস্যা হচ্ছে আলম টাওয়ার ও  কালিগঞ্জের ব্যবসায়ীদের। তারা মনে করে, ঘাট সরিয়ে দিলে তাদের খরিদ্দার কমে যাবে।

সিমসন ও লালকুঠির ঘাটে প্রায় সাতশত নৌকা আছে জানিয়ে রহিম বলেন, প্রতিদিন ঘাট ইজারাদারকে ৯৫ টাকা দিতে হয় তাদের।

দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কেরানীগঞ্জের খেজুরবাগের বাসিন্দা মোখলেস বলেন, সিমসন ঘাটে নৌকায় উঠে বরাবর পার না হয়ে ওয়াজ ঘাট দিয়ে ঘুরে আলম টাওয়ার ঘাটে পার হলে দুর্ঘটনা অনেক কমে যাবে।