‘ক্যান্সার’ ছেঁটে ফেলুন: দুদককে বিচারক
দুর্নীতি দমন সংস্থা দুর্নীতি দমন কমিশনে যে সব দুর্নীতিবাজ রয়েছে, তাদের চাকরিচ্যুত করতে বলেছে হাই কোর্ট।
দুদক কর্মকর্তার ঘুষ লেনদেন নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুল শুনানিতে একথা আসে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ থেকে।
বেঞ্চের কনিষ্ঠ বিচারক কামরুল কাদের দুদক আইনজীবী খুরশীদ আলম খানকে বলেন, “দুদকে কোনো দুর্নীতিবাজ থাকলে তাকে বাদ দিন। এই জায়গাটিতে দুর্নীতিবাজ থাকা উচিৎ না। আমাদের কথা হচ্ছে, দুদক একটি স্বাধীন সংস্থা। আমরা চাই স্বাধীন এই সংস্থাটি স্বচ্ছতার সাথে কাজ করুক।
বিচারক বলেন, “এখন দেশে অর্থনীতির স্বর্ণযুগ চলছে। তাই এখন আর্থিক অপরাধ হওয়ারও সুযোগ রয়েছে। সরকার দুদককে অনেক পাওয়ার দিয়েছে। তাই সততা ও স্বচ্ছতার সাথে দুদককে কাজ করতে হবে। দুদক শক্তিশালী না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না।
“দুদকে দুর্নীতিবাজ থাকলে সেসব দুর্নীতিবাজ ক্যান্সারগুলোকে ছেঁটে ফেলুন।”
আসামি না হয়েও জাহালমের তিন বছর জেল খাটার ঘটনায় ক্ষতিপূরণ প্রশ্নে রুল শুনানির ক্ষেত্রে হাই কোর্টের এই বেঞ্চের এখতিয়ার চ্যালেঞ্জ করেছিল দুদক।
গত ১৩ মে দুদকের সে আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ।
সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে হাই কোর্টে রুলের শুনানির উপর চেম্বার আদালতের জারি করা স্থগিতাদেশের কার্যকারিতাও উঠে যায়।
পরে বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চেই এ সংক্রান্ত রুলের শুনানিসহ যাবতীয় কার্যক্রম চলবে বলে সাংবাদিকদের জানান আইনজীবী অমিত দাশ গুপ্ত। তিনিই জাহালমকাণ্ড হাই কোর্টের নজরে এনেছিলেন।
এদিন আইনজীবী অমিত জাহালমের এ মামলায় পক্ষভুক্ত হন।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে রুল শুনানি শুরু হয়। দুদকের পক্ষে রুল শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী অমিতদাশ গুপ্ত।
প্রথম দিনের রুল শুনানি শেষে আদালত জাহালমকাণ্ডে দুদকের করা আভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট আগামী ১১ জুলাই আদালতের দাখিলের নির্দেশ দিয়ে ওই দিনই বেলা ২টায় মামলার পরবর্তী শুনানির জন্য রেখেছে।
সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করেছিল দুদক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে তিন বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের জাহালমকে।
তা নিয়ে সংবাদ প্রতিবেদন দেখার পর হাই কোর্ট গত ২৮ জানুয়ারি দুদকের ব্যাখ্যা জানতে কমিশনের চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধিসহ চারজনকে তলব করে।
কারাগারে থাকা ‘ভুল’ আসামি জাহালমকে কেন অব্যাহতি দেওয়া হবে না, তাকে মুক্তি দিতে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং তাকে যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত একটি রুলও জারি করা হয়।
আদালতের আদেশে গত ৩ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান জাহালম।
পাটকল শ্রমিক জাহালমের তিন বছর কারাগারে থাকার ঘটনায় তদন্ত কর্মকর্তাদের গাফিলতি ছিল কি না- তা খতিয়ে দেখতে একটি কমিটি করে দুদক।
তবে হাই কোর্টে দুদকের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়, সেখানে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ওপর দায় চাপিয়ে বলা হয়, ব্যাংকগুলোর অনুসন্ধান প্রতিবেদনের তথ্য-উপাত্তের উপর ভিত্তি করেই দুদকের তদন্ত কর্মকর্তারা অভিযোগপত্র দিয়েছিলেন।
কিন্তু দুদকের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে ৩৩টি মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর), অভিযোগপত্র (সিএস)সহ যাবতীয় নথি তলব করে হাই কোর্ট।
দুদকের কার্যক্রমে উষ্মা প্রকাশ করে আদালত বলে, ইঁদুর ধরতে না পারলে সেই বিড়ালের প্রয়োজন নেই।
জাহালম কেমন আছেন, কীভাবে জীবনযাপন করছেন- তার মুখ থেকে তা শুনতে তাকে আদালতে নিয়ে আসতে আইনজীবী অমিত দাস গুপ্তকে নির্দেশ দিয়েছিল হাই কোর্টের এই বেঞ্চ। সে অনুযায়ী জাহালম ১৭ এপ্রিল আদালতে হাজিরও হয়েছিলেন।
কিন্তু দুদক এক মাসেও নথি দাখিল করতে না পারায় ২ মে শুনানির পরবর্তী তারিখ রেখে ওই সময়ের মধ্যে ৩৩ মামলার নথি ও দুদকের প্রতিবেদন জমা দিতে বলে আদালত।
পাশাপাশি আসামি না হয়েও জাহালমের কারাভোগের জন্য কে বা কারা দায়ী তা দেখতে দুদকের কাছে প্রতিবেদন চায় হাই কোর্ট।
ওইদিনই আদালত জানায়, ২ মে দুদক তাদের প্রতিবেদন দিলে তখনই হাই কোর্ট জাহালমের মুখ থেকে তার কথা শুনবে।
এরপর দুদক গত ২১ এপ্রিল হাই কোর্টের ওই বেঞ্চের এখতিয়ার চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যায়।
দুদকের যুক্তি ছিল, হাই কোর্টে দুদকের মামলা শুনানির জন্য বিশেষ বেঞ্চ রয়েছে। যে বেঞ্চ রুল দিয়েছে, দুদকের মামলা শোনার এখতিয়ার সেই বেঞ্চের নেই।
ওই আবেদনের শুনানি করে চেম্বার আদালত রুল শুনানিসহ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ১৩ মে পর্যন্ত স্থগিত করে দেয়। পাশাপাশি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
এর ধারাবাহিকতায় গত ১৩ মে দুদকের আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ তা খারিজ করে দেয়।
