ডেঙ্গু-চিকুনগুনিয়া সচেতনতায় নগরীতে মেয়র আতিক
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজধানীতে প্রচারে নামলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার ডিএনসিসির ৩৫ নম্বর ওয়ার্ডের মগবাজার ও নয়াটোলা এলাকায় প্রচারে যান তিনি।
কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন,“যে যেখানেই থাকুন না কেন, পানি জমতে দেওয়া যাবে না।
“কারণ তিন দিনের জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা বংশ বিস্তার করে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ফ্রিজ-এসির নির্গত পানি, ফেলে দেওয়া পাত্র, ডাবের খোসা ইত্যাদিতে পানি যেন জমে না থাকে।”
পরে মগবাজার চৌরাস্তা জামে মসজিদে ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় সম্পর্কে অবহিত করার পাশাপাশি জুমার দিন খুতবা এবং অন্যান্য দিন নামাজের আগে মুসুল্লিদের এ বিষয়ে সচেতনতামূলক উপদেশ দিতে ইমামদের প্রতি আহ্বান জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল।
বড় মগবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু-চিকুনগুনিয়া তথ্য সম্বলিত প্রচারপত্রও বিলি করেন তিনি।
শিক্ষার্থীদের তিনি বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে।
“তোমরা এখানে ডেঙ্গু-চিকুনগুনিয়া সম্পর্কে যা জানলে, বাসায় গিয়ে তা বাবা-মাকে জানাবে। সচেতনতা ছাড়া ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে মুক্তি পাওয়া অসম্ভব।”
প্রচার অভিযানে মেয়রের সঙ্গে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোক্তার সরদারও উপস্থিত ছিলেন।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে ডিএনসিসির ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার বাহক এডিস মশার লার্ভার উপস্থিতি সবচেয়ে বেশি থাকার তথ্য উঠে আসে।
