২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা শিশু হাসপাতাল ও ৩ পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

খুলনা শিশু হাসপাতাল এবং তিন পরিবারকে ১৫ কোটি ৮২ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2019, 09:46 PM

Updated : 10 Oct 2022, 09:12 PM

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে তিনি অনুদানের চেকগুলো তুলে দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

খুলনা শিশু হাসপাতালের চিকিৎসার মান অক্ষুণ্ন রাখা, গরিব ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা বৃদ্ধি, চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান, হাসপাতাল পরিচালনা উন্নত করার জন্য ‘সিড মানি’ হিসেবে ১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে এই চেক গ্রহণ করেন। 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদীদের চিকিৎসার জন্য তার স্ত্রী আবিদা মুস্তফা অরিনের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। 

সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সজীব আলীর বাবা মো. আব্দুল মজিদ আকন্দকে ১০ লাখ টাকা ও নিহতের স্ত্রী রুমা খাতুনকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এছাড়াও ২০০২ সালে বিএনপিকর্মীদের গুলিতে নিহত সাতক্ষীরার নওয়াপাড়ার সাবেক কমিশনার আতিয়ার রহমানের স্ত্রী আফরোজা রহমানকে ২০ লাখ টাকা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।