২০২১ সাল থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
বাংলাদেশের সব বিদ্যালয়ে ২০২১ সাল থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার।
ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে রোববার ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ শীর্ষক ঢাকা বিভাগীয় কমিশন আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, “প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে দুইটি ট্রেড থাকবে যাতে শিক্ষার্থীরা এর যে কোনো একটিতে পারদর্শী হতে পারে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কারিগরির একটি বিষয় বাধ্যতামূলক করা হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষার্থী উচ্চতর শিক্ষা না নিতে পারলেও সে যেন বেকার না থাকে এজন্য বিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষা চালু করার এই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।
কর্মশালায় দীপু মনি বলেন, “এসডিজির ১৭টি লক্ষ্যের সবগুলোর সঙ্গেই শিক্ষা জড়িত।
“শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করছে। আমাদের সৃজনশীল পদ্ধতির মধ্যেও এক ধরনের কড়াকড়ি আছে, সরকার এই কড়াকড়ি দূরীকরণে কাজ করে যাচ্ছে।”
শিক্ষাখাতের বাজেট বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
এই অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ এসডিজি অর্জন করবে।
“আমাদের মনে রাখতে হবে উন্নয়ন মানে পকেট ভর্তি টাকা নয়, উন্নয়ন হল জীবনযাত্রার উন্নয়ন ও আইন মানার সংস্কৃতি তৈরি করা।”
কর্মশালায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সচিব শামসুল আলম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
