জিয়া দাতব্য ট্রাস্ট: হাই কোর্টে খালেদার জামিনের শুনানি শিগগির
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি শিগগিরই হবে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চে নথিভুক্ত থাকা জামিন আবেদনটি রোববার খালেদা জিয়ার আইনজীবী উপস্থাপন করলে আদালত এ আদেশ দেয়।
জয়নুল পরে সাংবাদিকদের বলেন, “গত সপ্তাহে আমরা এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে গিয়েছিলাম। আদালত বলেছিল, মামলার রেকর্ড এলেই শুনানি করবেন। এর মধ্যে রেকর্ড এসে গেছে। সে জন্য আজ আমরা আবার জামিন আবেদন নিয়ে গিয়েছি।
“আদালত বলেছেন, খুব সহসাই তারিখ দেবেন। লিগ্যাল জুরিসপ্রুডেন্স অনুযায়ী, এসব মামলায় আদালত সাধারণত জামিন দিয়ে থাকে। আমরাও আশা করছি, খালেদা জিয়া এই মামলায় জামিন পাবেন।”
এই মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড বাতিল ও খালাস চেয়ে গত ৩০ এপ্রিল খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিল হাই কোর্ট।
সেদিন আদালত বিচারিক আদালতের রায়ে দেওয়া অর্থদণ্ড স্থগিত করে এবং সম্পত্তি জব্দের আদেশে স্থিতাবস্থা দেওয়ার পাশাপাশি খালেদার জামিন আবেদনটি নথিভুক্ত করে মামলার নথি তলব করে।
পাশাপাশি তাদের ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর ট্রাস্টের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেছিলেন। রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার চার দিন পর গত বছর ১৮ নভেম্বর হাই কোর্টে আপিল করেন খালেদার আইনজীবীরা।
৬৩৮ পৃষ্ঠার মূল রায়সহ প্রায় ৭০০ পৃষ্ঠার এই আপিলের সঙ্গে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার জামিন আবেদনও করা হয়।
এ মামলায় দণ্ডিত চার আসামির মধ্যে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক রয়েছেন।
হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের আইনজীবী আখতারুজ্জামানও ইতোমধ্যে রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
