২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ কোটি ৩০ লাখ মানুষ অতি দারিদ্র্য সীমা থেকে বেরিয়েছে: ইনু

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গত নয় বছরে বাংলাদেশের এক কোটি ৩০ লাখ মানুষ অতি দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে, আর দারিদ্র্য সীমা থেকে উত্তরণ ঘটেছে এক কোটি ২০ লাখ মানুষের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2019, 08:23 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

বর্তমানে বাংলাদেশে এক কোটি ৪১ লাখ মোবাইল ব্যবহারকারী রয়েছে বলে তথ্য দিয়েছেন তিনি।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেপাল-চায়না ফেন্ডশিপ ফোরামের আয়োজনে বৃহস্পতিবার ‘ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বেল্ট অ্যান্ড রোড ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি অব সাউথ এশিয়া’য় বক্তব্য দেন হাসানুল হক ইনু।

বাংলাদেশের ১৬ কোটি মানুষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের সাফল্য আশা করেছে বলে মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, “বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরন করে। আমরা এখন রেডিমেইড গার্মেন্ট রপ্তানিতে পৃথিবীর মধ্যে দ্বিতীয়, সবজি উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, চাল উৎপাদনে চতুর্থ এবং মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ।

“বাংলাদেশ ভারসাম্যপূর্ণ, ন্যায়সঙ্গত, মিউচ্যুয়াল বেনিফিটভিত্তিক সম্পর্কে বিশ্বাসী। বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা এবং উপ-আঞ্চলিক সহোযোগিতার বিষয়ে বিশেষ আন্তরিক।”

জাসদের সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, সম্মেলনের উদ্ধোধনী অধিবেশনে ‘কী নোট স্পিকার’ হিসেবে বক্তব্য রাখেন ইনু। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়াল, বিশেষ অতিথি ছিলেন নেপালে চীনের রাষ্ট্রদূত হাও ইয়াংকি, নেপালের প্ল্যানিং কমিশনের সাবেক ভাইস-চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রে নেপালের সাবেক রাষ্ট্রদূত ড. শংকর প্রসাদ শর্মা এবং সভাপতিত্ব করেন নেপাল-চায়না ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি কল্যাণ রাজ শর্মা।