ঢাকা সদরঘাটে নৌকাডুবি, ভাই-বোন নিখোঁজ
ঢাকা সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক কিশোর ও তার পাঁচ বছরের ছোট বোন বুড়িগঙ্গায় নিখোঁজ রয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে সদরঘাটের এক নম্বর পন্টুন বরাবর মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান।
নিখোঁজ মিশকাত (১২) ও নুসরাতের (৫) বাবা বাবুল ফরাজী কেরানীগঞ্জ এলাকায় ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
মিশকাতরা বরিশালে গ্রামের বাড়ি গিয়েছিল বেড়াতে। বাবুল ফরাজী কেরানীগঞ্জেই ছিলেন। তাই রাতের লঞ্চে বরিশাল থেকে মামা শামীম হাওলাদারের সঙ্গে ঢাকায় ফেরে মিশকাতরা।
ভোরে ঢাকা সদরঘাটে পৌঁছানোর পর নৌকায় করে কেরানীগঞ্জের বাসায় যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়ে।
খবর পেয়ে মিশকাতদের বাবা বাবুল ফরাজী কেরানীগঞ্জ থেকে সদরঘাটে ছুটে আসেন। পুলিশ ও ঘাটে থাকা নৌকাগুলো তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে নেমে তল্লাশিতে যোগ দেন।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. সেলিম বলেন, পুবালী লঞ্চটি সদরঘাটে যাত্রী নামিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। নৌকাটি লঞ্চের পেছন দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। মাঝি দেখেশুনে চালালে এ দুর্ঘটনা হত না।”
