২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃক্ষ বন্দনায় বর্ষা আহ্বান

প্রাণ-প্রকৃতি রক্ষায় নগরের বুকে সবুজায়নের প্রত্যয়ে বর্ষাকে স্বাগত জানাল রাজধানীবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2019, 04:51 PM

Updated : 10 Oct 2022, 09:11 PM

তীব্র দাবদাহের পর বৃষ্টির প্রার্থনা ছিল নাগরিক কণ্ঠে। সম্মেলক প্রার্থনায় বৃষ্টি এল পহেলা আষাঢ়ে। বর্ষার জলসিঞ্চনে কাকভেজা হয়েও নৃত্য-গীত-বাদ্যে বর্ষা বন্দনা চলল আষাঢ়ের প্রথম সকালে।

বর্ষা বন্দনায় ঋতু বৈশিষ্ট্যকে অবিকল রাখতে নগরজুড়ে বৃক্ষায়নের গুরুত্ব আরোপিত হয়েছে। পরিব্শেগত বিপর্যয়ের হুমকিতে বিশ্বজুড়ে প্রাণীর অস্তিত্ব যখন বিপন্ন, তখন সমাধান হিসেবে এই বৃক্ষায়নকেই একমাত্র সমাধান বলেও মনে করেন নাগরিকদের অনেকে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করে বর্ষা উৎসব।

Image
আষাঢ়ের প্রথম দিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সত্যেন সেন শিল্পী গোষ্ঠ আয়োজিত অনুষ্ঠানে গানে গানে বর্ষা ঋতুকে স্বাগত জানান শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

আষাঢ়ের প্রথম দিন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সত্যেন সেন শিল্পী গোষ্ঠ আয়োজিত অনুষ্ঠানে গানে গানে বর্ষা ঋতুকে স্বাগত জানান শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

শুরুতে সঙ্গীত সংগঠন সুরবিহার সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত ‘বাদল বাউল বাজায় বাজায় রে’।  সুরতীর্থ পরিবেশন করে রবীন্দ্র সঙ্গীত ‘ধরণীর গগনের মিলনের ছন্দ’, স্বভূমি লেখক শিল্পীকেন্দ্র পরিবেশন করে লোকসঙ্গীত ‘কলকল ছলছল নদী করে টলমল’। বহ্নিশিখা পরিবেশন করে নজরুল সঙ্গীত ‘মেঘেরও ডমরু ঘন বাজে’।

সম্মেলক গীত পরিবেশনের পর বকুলতলার মঞ্চে হয় বর্ষা কথন পর্ব।

এ পর্বের প্রধান অতিথি ঢাকা ব্শ্বিবিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “প্রকৃতি আমাদের নানা সম্পদ দিয়েছে। সেই প্রকৃতির যত্ন করতে হবে, সদ্ব্যবহার করতে হবে প্রকৃতির নানা উপাদানের। আগামী প্রজন্মের জন্য আমরা এক অনুকূল পরিবেশ তৈরি করে যাব।”

আষাঢ়ের প্রথম লগ্নেই নগরজুড়ে বৃক্ষায়ন শুরুর অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমরা ছোটবেলায় বাবা-চাচাকে দেখতাম, আষাঢ় এলে বৃক্ষরোপণ করতে। এখনও বলছি, চলুন একটি গাছ লাগাই সবাই। পরিবেশকে সুন্দর রাখতে বৃক্ষরোপষ এখন একরকম বাধ্যতামূলক।”

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরী বরেন, “আজ আহ্বান করি, যে যেখানে সুযোগ পান, সেখানে একটি করে গাছ লাগান।

Image
আষাঢ়ের প্রথম দিন শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে গান গাইছেন শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

আষাঢ়ের প্রথম দিন শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে গান গাইছেন শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

“আজকে একটা গাছ লাগাবেন, আগামী বছরে সে গাছ থেকে একটা ফুল পাবেন, অথবা ফল পাবেন। যদি তাও না পান, তাহলে অক্সিজেন পাবেন।”

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, “প্রকৃতিবান্ধব হওয়ার জন্য আমাদের ঋতুর কাছে ফিরে যেতে হয়। প্রত্যেক ঋতুর আলাদা করে বৈশিষ্ট্য আছে। আমরা চাই, ঋতুর বৈশিষ্ট্য তার মতো করে থাকুক।”

“প্রত্যেক ঋতুর নিজস্ব রূপ, রঙ আছে। আমরা চাই, নতুন প্রজন্ম সে রঙগুলো জানুক। প্রকৃতি আমাদের সতর্ক করছে, আমাকে গ্রহণ করো শুদ্ধভাবে। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। নতুন প্রজন্মকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। এবারের উৎসবে, তাই বলছি প্রকৃতি বাঁচাতে গাছ লাগাও।”

পরে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যজন, বাফা, নৃত্যাক্ষ, স্পন্দন।

Image
আষাঢ়ের প্রথম দিন শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে নৃত্যরত শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

আষাঢ়ের প্রথম দিন শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে নৃত্যরত শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

একক সঙ্গীত পর্বে শামা রহমান শোনান রবীন্দ্র সঙ্গীত ‘আবার এসেছে আষাঢ়’, সঞ্জয় কবিরাজ শোনান নজরুল সঙ্গীত ‘রিমঝিম রিমঝিম ঘন দেয়া বরষে’, প্রিয়াংকা গোপ শোনান নজরুল সঙ্গীত ‘শাওন আসিল ফিরে’।

আবৃত্তিশিল্পী নায়লা তারান্নুম কাকলী শোনান জয় গোস্বামীর ‘মেঘ বালিকা’, মাসকুর- এ-সাত্তার কল্লোল শোনান নির্মলেন্দু গুণের ‘সদরঘাটে পৌঁছাতেই’।

অনুষ্ঠানের এক পর্যায়ে উদয়ন স্কুলের শিক্ষার্থীদের হাতে ফুল ও ফলদ বৃক্ষের চারা তুলে দেন আয়োজকরা ।

বাংলা একাডেমিতে উদীচীর বর্ষা উৎসব

সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করে বর্ষা উৎসবের।

শিল্পী ইবাদুল হক সৈকতের সেতারে মেঘ মল্লার রাগ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

এরপর একে একে পরিবেশিত হয় দলীয় নৃত্য, দলীয় ও একক সংগীত সংগীত ও আবৃত্তি।

Image
আষাঢ়ের প্রথম দিন শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে নৃত্যরত শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

আষাঢ়ের প্রথম দিন শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে নৃত্যরত শিল্পীরা। ছবি: মোস্তাফিজুর রহমান

দলীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করে উদীচী ঢাকা মহানগর সংসদ, বহ্নিশিখা, স্বভূমি, ভাওয়াইয়া সংগীত সংগঠন এবং উদীচী বাড্ডা, কাফরুল, মিরপুর, গেন্ডারিয়া, সাভার শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। যন্ত্রসংগীত পরিবেশন করেন উদীচী পরিচালিত শিল্পকলা বিদ্যালয় বিশ্ববিণার বেহালা শিল্পীরা ।

একক সংগীত পরিবেশন করেন শিল্পী সেঁজুতি বড়ুয়া, বিজন চন্দ্র মিস্ত্রি, বিমান চন্দ্র বিশ্বাস, নাহিয়ান দুরদানা সুচী, মায়েশা সুলতানা উর্বী, মুনমুন খান, রবিউল হাসান, মারুফ ইসলাম, অনিকেত আচার্য।

নৃত্য পরিবেশন করেন স্পন্দন, স্বপ্নবীনা শিল্পকলা বিদ্যালয় ও উদীচী ঢাকা মহানগর সংসদ।

অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে বর্ষা কথন পাঠ করেন উদীচী ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

অনুষ্ঠানে অংশগ্রণকারী শিল্পীদের গাছের চারা দেওয়া হয়।