ঢাকার উত্তরায় গাড়ির ভেতরে চালকের রক্তাক্ত লাশ
ঢাকার উত্তরায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আরমান (৪০) রাইড শেয়ারিংয়ের গাড়ি চালাতেন। তার গ্রামের বাড়ি পাবনার ইশ্বরদীতে। ঢাকার তিনি পল্লবীতে থাকতেন।
উত্তরা পশ্চিম থানার এসআই ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে আরমানের লাশ উদ্ধার করা হয়।
“আরমানের লাশ ওই গাড়ির চালকের আসনে ছিল। পেছন থেকে তার ঘাড়ে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল।”
রাত সোয়া ১১টার দিকে আরমান যাত্রী নিয়ে উত্তরার দিকে রওনা হয়েছিলেন জানিয়ে এসআই ফারুক বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, যাত্রীবেশে গাড়িতে উঠে ছিনতাইয়ের চেষ্টা করেছিল কেউ। তাতে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
