২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণে শিশুর মৃত্যু

পুরান ঢাকার শ্যামপুরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ম্যানহোলে বিস্ফোরণ ঘটে এক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2019, 10:12 PM

Updated : 18 Aug 2022, 05:23 PM

শনিবার সন্ধ্যায় শ্যামপুরের মুন্সীবাড়ী তিন রাস্তার মোড়ে এ ঘটনায় ওই শিশু মা ও বড় বোনসহ তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা হেঁটে যাওয়ার সময় ম্যানহোলে বিস্ফোরণ ঘটে ঢাকনা উড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। গ্যাস জমে সেখানে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের নাম আবির (৬)। আহতরা হলেন- আবিরের মা মনোয়ারা (৩২), বোন আদিবা (১১) এবং ভ্যানচালক রুবেল (৩০)।

নিহতের খালা আখি আকতার জানান, আবিরদের বাসা পুরানো ঢাকার ধুপখোলায়। জুরাইন পাইপলাইন এলাকায় নানির বাসায় বেড়াতে এসেছিল তারা।

“তারা সকালে আমাদের বাসায় বেড়াতে এসেছিল, পরে সেখান থেকে আরেক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। সন্ধ্যায় আমরা তাদের এগিয়ে দিতে যাচ্ছিলাম, পায়ে হেঁটে যাওয়ার সময় মুন্সীবাড়ীর মোড়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে, সে সময় ওরা ভাই-বোন একটু সামনের দিকে ছিল।

“বিস্ফোরণে তাদের মাসহ তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ৫৫ মিনিটে চিকিৎসক আবীরকে মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

শিশুটির বাবা সজীব সেলুন দোকানি।

আবীরের খালু মো. মাসুদ বলেন, “বিস্ফোরণের পর ঘটনাস্থলের মাটি উপরে উঠে সেখানে গর্ত হয়ে যায়। স্যুয়ারেজ লাইনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।”