২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফসলের মাঠে এখন ফুটবলের উৎসব

ক্ষেতের বোরো ধান বেশ কিছুদিন আগেই তোলা হয়ে গেছে, এখন অপেক্ষা বর্ষার পানির জন্য। কিন্তু ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের অপেক্ষার সময়টুকু পুরো ভাটি এলাকার ফসলের জমি যেন এখন ফুটবল মাঠ!

তাবারুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2019, 03:01 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

এই সময়ে গ্রামীণ ছেলেরা কখনও এপাড়া বনাম ওপাড়া, আবার কখনও গ্রাম বনাম গ্রামে ভাগ হয়ে ফুটবল নিয়ে মেতে উঠেছে সেই মাঠে।

খেলার এই দল কখনও ভাগ হয় বিবাহিত-অবিবাহিতেও, ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামে হয় ভাগ।
এই খেলায় বিজয়ী দলের জন্য থাকে দুই পক্ষের খেলোয়াড়দের চাঁদার টাকায় কেনা জোড়া রাজহাঁস কিংবা ছাগল।

আর খেলা শেষে গান-বাদ্য বাজিয়ে বিজয়ী দলের সদস্যদের নাচ এবং সেই হাঁস বা ছাগল রান্না করে খাওয়ায় গ্রামের শিশু-কিশোর ও যুবারাও যোগ দেয়।

ঈদের ছুটিতে এমন একটি চিত্র শুক্রবার দেখা গেল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি গ্রামে।
বিকাল বেলায় গ্রামটির উত্তরপাড়ার বিবাহিত ও অবিবাহিতরা দুই দলে ভাগ হয়ে নামে ফুটবল খেলতে। মাঠের সীমানার বাইরে থেকে তাদের উৎসাহ দিতে ছিল গ্রামবাসী। খেলা চলাকালীন মাইকে ধারা বর্ণনাও চলছিল।

যারা খেলোয়াড় ছিলেন, তারা সবাই জীবিকার প্রয়োজনে কোনো না কোনো পেশায় জড়িত। কেউ কৃষি শ্রমিক, কেউ নৌ শ্রমিক, কেউবা শহরে ছোট কোনো ব্যবসায় জড়িত বা দোকানের কর্মচারী। তাদের মধ্যে রিকশা চালক বা প্রবাসী বাংলাদেশিও ছিলেন।

এই গ্রামের ষাটোর্ধ্ব ব্যক্তি সিরাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈশাখজুড়ে অধিকাংশ পরিবার ধান তোলা নিয়ে ব্যস্ত ছিল। ঘরে ধান উঠানোর সময়টাতে কারও এক মুহুর্তের সময়ও থাকে না।

“যখন ধান কাটা শেষ, তো সবার অবসর হয়ে যায়। তখন আর কাজ থাকে না। এই সময়ে বর্ষার পানির জন্য সবাই অপেক্ষায় থাকে। মধ্যে তিন বা চার সপ্তাহ ফসলের মাঠে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ায় গ্রামের শিশু-কিশোররা।”

বোরো ক্ষেত থেকে বছরে এককালীন ফসল উঠানোর পর এইভাবে ফুটবল খেলা গ্রামীণ ঐতিহ্যের অংশ বলে মন্তব্য করেন ওই গ্রামের বাসিন্দা আতাব উল্লাহ।

এই প্রৌঢ়ের ভাষ্য, "আমরাও যখন ছোট ছিলাম, ধরেন আরও ৪০/৪২ বছর আগে, তখন আব্বার কাছে বাইনা ধরতাম একটা ফুটবল কিনে দেওয়ার জন্য। সেই ফুটবল নিয়ে এভাবেই মাঠে খেলতাম।"

তিনি বলেন, “কয়েক সপ্তাহ ফুটবল খেলা শেষে যখন বর্ষার পানিতে পুরো মাঠ থৈ থৈ করবে তখন আবার অনেকে জাল নিয়ে মাছ শিকারে নেমে পড়বে। এভাবে আশ্বিন মাস টানা চার মাস পর্যন্ত মাঠে পানি থাকবে, আর তখন জেলেরা মাছ ধরবে।"