ঈদের সকালে বৃষ্টির আভাস
ঈদের দিন ঢাকাসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালকে (বুধবার) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস আগেই দেওয়া হয়েছিল। সকালে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।
“এখন মধ্যরাত থেকে সকালের মধ্যে বৃষ্টি হবে। হয়ত সময়ের পরিবর্তন হতে পারে। কোথাও ভোররাতেই বৃষ্টি হয়ে যেতে পারে। কোথাও বা সকালে বৃষ্টি হবে। তবে বৃষ্টি হবে,” বলেন আব্দুল মান্নান।
ঈদের পরদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জানান।
প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত হওয়ার কথা জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়।
সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এই জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
তবে আবহাওয়া বিরূপ থাকলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
