২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তে বিপত্তিতে উত্তর-পশ্চিমের বাসযাত্রীরা

শুরুটা স্বস্তির হলেও ঈদযাত্রার শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে গিয়ে বিপাকে পড়েছেন উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 06:08 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

পুরনো খবর:

স্বস্তিতে শুরু ঈদযাত্রা
ভিড় নেই উত্তরের বাস কাউন্টারে
উত্তরের পথেও সেই ভোগান্তি নেই

বিভিন্ন বাস কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, ঢাকায় ফেরার পথে অনেক বাস মহাসড়কে যানজটে আটকা পড়েছে। অন্যদিকে টার্মিনালে বিভিন্ন কোম্পানির কিছু বাস থাকলেও যানজটে পড়ার কথা ভেবে সেগুলোও ছাড়া হচ্ছে না।

সোমবার অফিস খোলা থাকায় অনেকেই মঙ্গলবার সকাল সকাল হাজির হন গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে। কিন্তু দুপুর ২টা পর্যন্ত বাসের দেখা মেলেনি।

মহাখালী টার্মিনালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিউটি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৭টায় এসে বসে আছি। এনা পরিবহনের বাসে ময়মনসিংহে যাব। কিন্তু বেলা দেড়টা পর্যন্ত যতগুলো বাস গেল, বলা হচ্ছে সেগুলো নাকি আগের সিরিয়ালের। আমাদের সিরিয়ালের গাড়িগুলো নাকি সড়কে কোথাও জ্যামে আটকা। কত ঘণ্টা যে বসে থাকতে হবে!”

ষাটোর্ধ্ব হালিমা খাতুনও যাবেন ময়মনসিংহে। তিনি টার্মিনালে অপেক্ষা করছিলেন সকাল ১১টা থেকে।

বেলা দেড়টার দিকে তিনি বলেন, “বাসের টিকিট তো পাইলাম, কাউন্টার থেকে কিছুই কইতাছেনা কহন  বাড়ি যাইতে পারবাম।মনে হয় না যাইবার পারবাম।”

Image
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুক্রবার গাবতলী বাস টার্মিনাল ঘরমুখো মানুষের ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুক্রবার গাবতলী বাস টার্মিনাল ঘরমুখো মানুষের ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি

মুক্তাগাছাগামী রুহুল আমিন বলেন, “এনা পরিবহনে যামু ভাবছিলাম। কিন্তু এনার কাউন্টারে লম্বা লাইন। এনা জ্যামের কথা কয় বারবার। কিন্তু অন্য বাস তো চলতাসে। তাই ভাবতাসি, অন্য গাড়িতে বাড়ি যাইবাম।”

মহাখালী থেকে কিশোরগঞ্জ শহরে চলছে অনন্যা পরিবহন, এ জেলার কটিয়াদী উপজেলায় চলছে উজান ভাটি পরিবহন।

বেলা ১টার দিকে কটিয়াদীগামী যাত্রী তাইজুল ইসলাম বলেন, “টিকিট কাটছি আধা ঘণ্টা আগে। বাসও আছে টার্মিনালে। কোন দিকে নাকি জ্যাম লাগছে। তাই গাড়ি ছাড়তাসে না।”

সিলেট, চট্টগ্রামের পথ ঠিকঠাক থাকলেও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।

মহাখালীতে নওগাঁর শাহ ফতেহ আলী পরিবহন, সিরাজগঞ্জের এসআই পরিবহনের কাউন্টার ব্যবস্থাপকরা জানান, গত সোমবার রাতে ছেড়ে যাওয়া গাড়িগুলো সকালেও ফিরে না আসায় তারা যাত্রী চাপ সামাল দিতে পারছেন না।

বগুড়াগামী একতা পরিবহনের কাউন্টার কর্মী দীন ইসলাম বলেন, “সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমপক্ষে ১২-১৩টা গাড়ি ছাড়ার কথা। কিন্তু ছাড়তে পেরেছি মাত্র ৭টা।”

বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘ যানজটে আটকা গাড়িগুলো নির্ধারিত সময়ের প্রায় ৪-৫ ঘণ্টা পর এসে পৌঁছাচ্ছে বলে জানান তিনি।

গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. মোশাররফ বলেন, “গতকাল রাতে যেসব গাড়ি ছেড়েছি, সেসবও যদি আসতে পারত ফিরে, তাহলে যাত্রীদের দ্রুততম সময়ে পৌঁছে দিতে পারতাম।জ্যামের কথা তো আমরা কেউ বলতে পারি না।”

দুপুর ১২টার পর মধুপুরের বিনিময় পরিবহন; ভৈরবের বাদশা, ঢাকা বস;  টাঙ্গাইলের ঝটিকা; জামালপুরের রাজিব এন্টারপ্রাইজ; সিরাজগঞ্জের অভি এন্টারপ্রাইজ; শেরপুরের সাদিকা; রংপুরের এনা কাউন্টার বন্ধ পাওয়া যায়।

বাস সংকটের বিষয়ে মহাখালী বাস টার্মিনালে ভিজিল্যান্স টিমের সদস্য সচিব ইকবাল আহমেদ জানান, ময়মনসিংহ রুটে বাস সংকটের কারণে তারা বিআরটিসিকে দশটি ডাবল ডেকার দিতে অনুরোধ করেছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, “রাজশাহী, বগুড়ার দিকে যাওয়ার পথে জ্যাম আছে। তবে এই জ্যাম ছেড়ে গেলে যাত্রীরা নিরাপদে সবাই বাড়িতে পৌঁছাবেন। সিলেট, চট্টগ্রামের পথে কোনো জ্যাম নাই। ”

বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

এদিকে মহাখালীতে রাজিব এন্টারপ্রাইজের বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

মঙ্গলবার সকালে এই পরিবহনের কর্মীরা টার্মিনালের আউটার গেইটে দাঁড়িয়ে টিকিট বিক্রি করছিলেন।

মোস্তফিজ নামের এক যাত্রী অভিযোগ করেন, রাজিবের কর্মীরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ৫০ টাকা বেশি দাবি করছেন।

পরে ভিজিল্যান্স টিম কোম্পানিটিকে সতর্ক করে দেয়।

কমলাপুর বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল, সোহাগ ও তিশা পরিবহনেও নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি রাখার অভিযোগ করেছেন যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রী হিমেল হক অভিযোগ করেন, “এমনিতে ভাড়া নেয় ২০০ টাকা। কিন্তু আজকে তারা ২৫০ টাকা নিয়েছে। দ্রুত বাড়ি যেতে হবে।তাই বাধ্য হয়ে বেশি দামে টিকিট কেটেছি।”

ভাড়া বেশি রাখার বিষয়ে জানতে চাইলে পরিবহন নেতা আবুল কালাম বলেন, “কোনো কাউন্টারে যদি অতিরিক্ত ভাড়া রাখা হয়, তার প্রমাণ পেলে আমরা পরে ব্যবস্থা নেব।”

ঈদযাত্রা সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট: মুক্তযুদ্ধ বিষয়কমন্ত্রী

পরিবহন শ্রমিক ও যাত্রীরা ময়মনসিংহ মহাসড়কে যানজটের কথা বললেও সে পথে ঈদ যাত্রাকে ‘সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট ও স্বাচ্ছন্দ্যময়’ বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার দুপুরে যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে টঙ্গী, গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ী, মৌচাক, চন্দ্রাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, “ঈদে ঘরমুখী মানুষের যাত্রা গত ২০ বছরের মধ্যে সবচাইতে সুন্দর। এবারের ঈদ যাত্রা নির্ঝঞ্ঝাট ও সম্পূর্ণরূপে ভিন্ন। ঈদের পূর্বে গাজীপুরের রাস্তা এতো যানজটমুক্ত কখনও দেখা যায়নি । প্রায় ১০ লাখ শ্রমিক অধ্যুষিত এ জনপদের মানুষের স্বস্তিদায়ক ভ্রমণ দৃশ্য সকলের নজর কেড়েছে। এবার  যাত্রাপথে ছিনতাই চাঁদাবাজিসহ অন্যান্য আইনবিরোধী কার্যক্রম তেমন ঘটেনি।”