উত্তরের পথেও সেই ভোগান্তি নেই
প্রতি বছর ঈদযাত্রায় সড়কে যানজটে ভোগান্তির চিত্র সংবাদ শিরোনাম হলেও এবার এখনও সেই পরিস্থিতি হয়নি উত্তরবঙ্গের পথে।
এর কারণ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেইন করার কাজ শেষ এবং বেশ কয়েকটি সড়ক ওভারপাস চালু হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঈদ যাত্রার তৃতীয় দিন রোববার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়নি। এদিন গাবতলী ও কল্যাণপুর থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন পরিবহনের বাসের টিকেটও পাওয়া গেছে।
কল্যাণপুর থেকে একটি পরিবহনের বাসের টিকেট কিনে বাড়ির পথ ধরেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ পারভেজ মিলন। জয়পুরহাটগামী এই যাত্রী বলেন, এবারের ঈদে পরিস্থিতি অন্য ‘যে কোনো সময়ের চেয়ে ভালো’।
“উত্তরাঞ্চলে ট্রেনের সংখ্যা বাড়ায় সড়ক পথে চাপ কমেছে। আমি আজ এখানে এসেই টিকেট পেলাম, যা অন্য সময় চিন্তাই করা যেত না। আর যত দূর জেনেছি সড়কেও তেমন যানজট নেই।”
বেলা ১টায় গাবতলী থেকে একটি বাসে যাত্রা শুরু করে বগুড়া পর্যন্ত যেতে সড়কের কোথাও যানজটে পড়তে হয়নি। গাবতলী থেকে পুরো পথ যেতে সময় লেগেছে পাঁচ ঘণ্টা।
গাবতলী থেকে এক ঘণ্টার মাথায় বাইপাইল পৌঁছে বাসটি। সাভার থেকে বাইপাইল, ইপিজেড হয়ে চন্দ্রা চৌরাস্তা পর্যন্ত সড়কের দুই পাশে বাস রেখে যাত্রী নিচ্ছিল বিভিন্ন পরিবহনের বাস। ফলে দূরপাল্লার বাসের গতি কিছুটা কমে যাচ্ছিল।
যানজট নিয়ন্ত্রণে দেখা যায় পুলিশের তৎপরতা। চন্দ্রা চৌরাস্তায় উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যেতে বাসের অপেক্ষায় ছিলেন শত শত মানুষ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রাবিরতিতে কথা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী সাব্বির নেওয়াজের সঙ্গে। তিনি বলেন, ঈদের আগে টিকেট পেতে কিছুটা কষ্ট হলেও রাস্তায় তেমন ভোগান্তি হয়নি।
“এবার সড়কের চিত্র আসলে অন্য সময়ের চেয়ে ভালো। গাবতলী থেকে আসলাম কোথাও তো যানজটে পড়িনি।”
তবে গার্মেন্ট ছুটির পর এই পরিস্থিতি নাও থাকতে পারে বলে মনে করছেন নাবিল পরিবহনের চালক শাহাদাত হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত রাস্তায় কোনো ঝামেলা নাই। তয় আগামী কাল গার্মেন্ট ছুটি হইলে রাস্তায় চাপা বাইড়া যাইব। তখন জ্যাম লাগবারও পারে।”
এছাড়া মির্জাপুরের গোড়াই, পাকুল্লা, করিমধল্লা বাজার, জামুর্কী বাজার, নাটিয়াপাড়া, করটিয়া বাইপাস সড়কের চরপাড়া, তারটিয়া, রাবনা বাইপাসে ওভারপাসের নির্মাণ কাজ শেষ হয়নি।
তিনি বলেন, “এমনে কোনো সমস্যা নাই। কিন্তু বৃষ্টি হইলে বা গাড়ি নষ্ট হইলে ঝামেলা হইতে পারে।”
টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কটি দুই লেইনের। এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের কিছু অংশ ভাঙা। ফলে যানবাহন চলছে ধীরে।
এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে বগুড়া যাওয়ার রাস্তায় অনেক জায়গায় গর্ত থাকায় যানবাহন চলছে ধীরগতিতে।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীদের চাপ তেমন নেই। মহাসড়কেও তেমন যানজট নেই।
“মহাসড়কের অবস্থা ভালো। কোথাও জ্যামে আটকে থাকতে হচ্ছে না। রাস্তা স্বাভাবিক সময়ের মতোই ফ্রি। আজ সকাল ৬টায় আমাদের একটা গাড়ি গাবতলী থেকে ছেড়ে দুপুর ১২টায় জয়পুরহাট পৌঁছে গেছে।”
“কাল গার্মেন্ট ছুটি হলে সাভার, বাইপাইল এলাকা থেকে অনেক যাত্রী উঠবে। তবে কোনো গাড়ি যেন রাস্তায় দাঁড় করিয়ে যাত্রী না নেয় সেটা নিশ্চিত করতে হবে। প্রশাসন ভালোভাবে ম্যানেজ করতে পারলে খুব বেশি ঝামেলা হওয়ার কথা না।”
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ রাত থেকে এই পথে যানবাহনের চাপ বাড়বে। যা-ই হোক এখন পর্যন্ত রাস্তাঘাটের যে অবস্থা তাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে আমরা ভালোভাবে পার করতে পারব।"
দুর্ঘটনা ঘটলে কী হবে- এ প্রশ্নে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের পর্যাপ্ত লোকবল রয়েছে।
“বিভিন্ন জায়গায় আমাদের রেকার রাখা আছে। আমাদের পর্যাপ্ত ফোর্সও আছে। আশা করছি, তেমন সমস্যা হবে না।”
