বুথে ঢুকে ফোনে যোগাযোগ করে টাকা তোলা হয়: পুলিশ
এটিএম বুথে ঢোকার পর প্রথমে মোবাইল ফোনে নিজস্ব সংযোগ ব্যবস্থা চালুর মাধ্যমে মূল সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়, এরপর মেশিনে কার্ড ঢুকিয়ে তুলে নেওয়া হয় টাকা।
ইউক্রেনের জালিয়াতরা এভাবেই ডাচ-বাংলা ব্যাংকের এটিম বুথ থেকে টাকা হাতিয়ে নেয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
বাড্ডার যে বুথ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়, তার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৩১ মে রাত সাড়ে ১১টার দিকে দুই বিদেশি নাগরিক ওই বুথে ঢোকেন এবং একটি কার্ড ব্যবহার করে বেশ কয়েকবার টাকা তোলেন।
টাকা তোলার সময় তারা চোখে সানগ্লাস আর মাথায় ছিল টুপি পরে, মুখ ঢেকে পরিচয় গোপন রাখার চেষ্টা করেন। সে সময় বুথের ভেতর নিরাপত্তাকর্মীও উপস্থিতি ছিলেন।
ফুটেজেও দেখা গেছে, প্রতিবার টাকা তোলার আগে জালিয়াতরা মোবাইল ফোনে যোগাযোগ করেছে কারো সাথে।
মঙ্গলবার মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন বলেন, “চক্রটি ইউক্রেনের মোবাইল নম্বর রোমিং করে ব্যবহার করছিল।”
বুথ থেকে টাকা বের করার সময় জালিয়াতরা মোবাইল ফোনে ইউক্রেনে কারও সঙ্গে যোগাযোগ করছিল বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “এই চক্রের সদস্যরা কোনো এটিএম বুথে প্রবেশ করে সেই বুথের সাথে মূল সার্ভারের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে।”
এরপর তারা নিজস্ব সংযোগ ব্যবস্থা চালু করে জানিয়ে তিনি বলেন, “মোবাইল ফোনে যোগাযোগ স্থাপন করে কার্ড ভেতরে ঢোকালেই বুথ থেকে টাকা বের হয়ে আসে।”
ছয় বিদেশির কাছে পাওয়া মোবাইল ফোন, বিভিন্ন ধরনের কার্ড ও অন্যান্য জিনিস
ওই ছয়জন হলেন- দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)। ভিতালি ক্লিমচুক নামে চক্রের আরেকজনকে খুঁজছে পুলিশ।
জালিয়াতরা কিভাবে ব্যাংকের ‘সিস্টেম হ্যাক’ করেছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষ।
গ্রেপ্তারদের কাছে যে ৫০টি কার্ড পাওয়া গেছে তার মধ্যে ইসরাইলের কার্ডও রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন।
এক প্রশ্নে তিনি বলেন, আগে বিভিন্ন দেশ ভ্রমণ করলেও প্রথমবারের মতো আটদিনের টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছে ইউক্রেনের এই নাগরিকরা।
“বাংলাদেশ থেকে তাদের ভারতে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে। এখানে ধরা না পড়লে ভারতে গিয়েও এই কাজ করত,” শঙ্কা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
জালিয়াতির এই ঘটনায় বাংলাদেশি কারও যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
