২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচিতে ফিরতে পারেনি ট্রেন

ঈদযাত্রার শুরুতেই ট্রেনের সময় সূচিতে যে বিপর্যয় দেখা দিয়েছিল, তা কাটিয়ে উঠতে পারেনি রেল বিভাগ।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 01:46 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

পুরনো খবর:

সূচি বিড়ম্বনায় ট্রেনের ‘ঈদযাত্রা’ শুরু
এলোমেলো ট্রেন সূচিতে বিড়ম্বনা চলছেই

ঈদযাত্রার শেষ দিন মঙ্গলবার ঢাকার কমলাপুর স্টেশন থেকে উত্তরাঞ্চলের ট্রেনগুলো দেরিতেই ছাড়ছে, যে কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

গত শুক্রবার ট্রেনের ঈদযাত্রার শুরু থেকেই এই ট্রেনগুলোর সময়সূচি ঠিক রাখতে পারছিল না।

তার দুদিন পর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকে বলেছিলেন, ঈদের আগে এসব ট্রেনের সূচি আর ঠিক করা সম্ভব হবে না।

মঙ্গলবারের চিত্রে তার কথারই প্রতিফলন দেখা যায়।

কমলাপুর থেকে মঙ্গলবার সকাল থেকে ৫৫টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি ঈদ স্পেশাল ট্রেন।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ২২টি ট্রেন ছেড়ে গেছে। তবে ‘শিডিউল বিপর্যয়’ দেখা দিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও সেই ট্রেন দুপুর ১২টায়ও স্টেশনে এসে পৌঁছায়নি। এটি দুপুর পৌনে ১টায় ছাড়বে বলে জানানো হয়েছে।

রংপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় চার ঘণ্টা দেরিতে দুপুর পৌনে ১টায় স্টেশন ছেড়ে যায়। ধূমকেতু এক্সপ্রেসও ২ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছেড়েছে।

ঈদ স্পেশাল লালমনি এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল  সকাল সোয়া ৯টায়, সেটি ছাড়ার নতুন সময় দেওয়া হয়েছে দুপুর ১টা ৫ মিনিট।

চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আসেনি প্ল্যাটফর্মে।

আমিনুল বলেন, “এ বছর উত্তরাঞ্চলের দিকে যাত্রী বেশি। তাই চাপটাও বেশি পড়েছে। অগ্রিম টিকিট বিক্রির সময়ই বুঝতে পেরেছিলাম। ট্রেনগুলো যাত্রী নামানোর সময় প্রতি স্টেশনে ২ মিনিটের জায়গায় ৩ থেকে ৭ মিনিট দাঁড়াচ্ছে। যাত্রীদের উঠানামা নিশ্চিত করতে এই দেরি হচ্ছে।”

রংপুরগামী যাত্রী মো. সোহেল বলেন, “দেড়শো টাকা বেশি দিয়ে টিকিট কেটেছি। তাও যদি এসে দেখি ট্রেনই আসেনি সময়মমতো, তখন  আর কেমন লাগে!"

লালমনি এক্সপ্রেসে করে সপরিবারে বাড়ি যাওয়ার কথা গাইবান্ধার মাসুদ রানার।

তিনি বলেন, "সকাল ৯টায় ট্রেন, আমরা আসছি সকাল সাড়ে ৭টায়, তাও ট্রেনের দেখা নেই। আজকে যেতে পারব কি না, তাও জানি না।"

রাজশাহী এক্সপ্রেসেী যাত্রী আনোয়ার হোসেন বলেন, "টিকিটের দাম ১৪৫টাকা, ১টা টিকিট ১৪৫ টাকা দিয়ে কাটলেও পরে ৭টি টিকিট ১৬৫ টাকা দিয়ে কিনতে হয়েছে।"

রেল স্টেশনের ব্যবস্থাপক আমিনুল বলেন, “এ ভিড় সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।  আরএনবি, ডিআরপি সদস্যদের নিয়ে আমরা চেষ্টা করেছিলাম কোনো যাত্রী যেন ছাদে না উঠে। অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হচ্ছি।”

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নূরু মিয়া বলেন, “চারটি টিকিট কেটেছিলাম, কিন্তু সিটে বসতে পেরেছে দুজন। বাকিগুলো দখল হয়ে গেছে। টিটিকে বললাম, তিনি বললেন, একটু ম্যানেজ করে নিতে। কামরার ভেতরে তিলধারণের ঠাঁই নেই।”

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. কামরুল হক বলেন, “গতকাল লালমনি এক্সপ্রেসে উঠার চেষ্টা করছিলাম। কিন্তু ভিতরে, ছাদে কোথাও জায়গা পাই নাই৷  আজকে তাই লালমনি এক্সপ্রেসে যাওয়ার চেষ্টা করব। ছাদে উঠেই যাব।"

কমলাপুরের আউটার গেইটে বিক্রি হচ্ছে জামালপুর, মহুয়া, রাজশাহী, কর্ণফুলী ও বলাকা কমিউটারের টিকিট।

জামালপুরগামী যাত্রী মো. উমর ফারুক বলেন, "আন্তঃনগরের টিকিট না পেয়ে এখন লোকালেই যাব। টাকা বেশি নিচ্ছে।  কিন্তু কিছু করার নাই।"

ঈদ যাত্রায় দুর্ভোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে কমলাপুর স্টেশনের লোকোমোটিভের কর্মীদের হামলার শিকার হয়েছেন কয়েকজন টেলিভিশন সাংবাদিক।

স্টেশন মাস্টার আমিনুল জানান, রেল কর্তৃপক্ষ এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে।