২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট কমাতে ঈদের পর ‘কার্যকর কিছু’ করবেন কাদের

ঢাকা ও চট্টগ্রামে যানজট ক্রমেই ‘অসহনীয়’ হয়ে উঠছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সঙ্কটের সমাধানে ঈদের পর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 03:39 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “রাস্তায় যানজটের সাথে জনজটও হয়ে যায়। ইদানিংকালে এই সমস্যা প্রকট। কেউ নিয়ম মানে না। সবাই লাইন ধরে চলন্ত গাড়ি থেকে রাস্তায় নেমে যায়। এখন এখানে জলজট, জনজট, যানজট; তিনটা মিলেমিশে একাকার।

“পরিবহনে শৃঙ্খলা নেই। সড়কেও শৃঙ্খলা নেই। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলার সংকট কাটাতে পারলে এদেশের যোগাযোগ ব্যবস্থায় অনেক স্বস্তি আসবে।”

সড়কে যান নিয়ন্ত্রণকে ‘পরীক্ষা’ হিসেবে দেখছেন কাদের।

তিনি বলেন, “আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাংবাদিকদেরও দায়িত্ব আছে। জনসচেতনতা সৃষ্টি করতে হবে।”

কাদের বলেন, ঈদের পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সঙ্গে সভা করবেন। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ‘কার্যকর কিছু’ করবেন।

“বছরের পর বছর ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থায় যে বিশৃঙ্খলা চলছে; সেটা অবসানে আমাদের কিছু কাজ আছে। আমার নিজেরও কিছু আইডিয়া আছে। এ নিয়ে আমি দিস্তার পর দিস্তা লিখেছি, তদন্ত কমিটি হয়েছে। কিন্তু যে রেজাল্ট আসার দরকার সেটা আসেনি।”

মানুষের ঈদযাত্রা যেন স্বস্তির হয়, সেজন্য সড়ক বিভাগ ‘অ্যাফোর্ড’ দিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমি জনগণের যাত্রা স্বস্তিদায়ক করতে বিভিন্ন দপ্তর অফিদপ্তর, সংস্থার অফিসে গিয়ে মিটিং করেছি। আসা ও যাওয়ার সময় কর্মস্থলের পথটা যেন স্বস্তিদায়ক হয়, নিরাপদ হয়; সে ব্যাপারে আমরা অ্যাফোর্ড দিয়ে যাচ্ছি।

“আমরা বহুদিন পর স্বস্তির জায়গায় এসেছি। এই স্বস্তির জায়গা আগামী দিনেও রাখতে চাই। শুধু ঈদ কেন, সারা বছরই এই রাস্তা স্বস্তির থাকবে।”

সিঙ্গাপুরে হৃদরোগের চিকিৎসা শেষে দেশে ফিরে সড়কে নজর দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের ।

ঈদের আগে দুটো বাস টার্মিনালে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কোম্পানি থেকে প্রায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বলে জানান। 

এই পরিবহনগুলো হল- হিমাচল, শ্যামলী, হানিফ এন্টারপ্রাইজ এবং শাহ ফতেহ আলী পরিব্হন।

পরিবহন মালিকদের ঈদ মৌসুমে সংযমী হতে অনুরোধ করলেও তাতে কাজ হয় না জানিয়ে হতাশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

মন্ত্রী স্বীকার করেন, প্রভাবশালী ব্যক্তিরাই অশান্তির সৃষ্টি করে। 

“এখানে অশান্তির কারণ তারা সৃষ্টি করে না। আমরাই সৃষ্টি করি, প্রভাবশালী ব্যক্তিরা। এদেশে সততার সাথে কাজ করা একটা চ্যালেঞ্জ।”

অবকাঠামোগত উন্নয়ন হলেও শৃঙ্খলার অভাবে তার সুফল জনগণের কাছে ‘পৌঁছায় না’ বলে মনে করেন তিনি।

“সত্য কথা আমরা খুব কম লোকই বলি। রাজনীতিতে সৎ মানুষের সংখ্যা খুব বেশী না। আমরা সবাই সৎ হলে দেশের চেহারাটা বদলে যেত।”