যাত্রীর চাপ নেই সদরঘাটে
ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও রাজধানীর সদরঘাটে যাত্রীর চাপ তেমন নেই। শনিবার সরকারি ছুটির দিন হলেও গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার জন্য য়াত্রীদের খুব একটা ভিড় দেখা যায়নি।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক হুমায়ূন কবির জানিয়েছেন, শুক্রবার সদরঘাট থেকে ৯৭টি আর শনিবার বিকাল পর্যন্ত ৩৮টি লঞ্চ ছেড়ে গেছে।
সদরঘাট থেকে দেশের ৪৩টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে দুই শতাধিক।
ঈদে ঘরমুখো দক্ষিণবঙ্গমুখী মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। ছবি: আসিফ মাহমুদ অভি
এমভি টিপু লঞ্চের মহাব্যবস্থাপক মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার কিছু যাত্রী পাওয়া গেছে। আজ (শনিবার) শবে কদর রাতের কারণে যাত্রী পাওয়া যাবে না।
এম ভি আওলাদ লঞ্চের ব্যবস্থাপক মাহফুজুল হক বলেন, রোববার থেকে যাত্রী বাড়বে। তবে ভিড় হবে ৩ ও ৪ জুন।
শনিবার বিকালে সদরঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সদরঘাটে আসতে রাস্তায় কিছু জট আছে। তবে সদরঘাটে কোনো ধরনের ভিড় নাই।”
ঈদে ঘরমুখো দক্ষিণবঙ্গমুখী মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। ছবি: আসিফ মাহমুদ অভি
চল্লিশটির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানান।
১২ জুন পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।
পুলিশ ছাড়াও, নৌপুলিশ, র্যাব, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক স্বেচ্ছসেবক রয়েছে নিরাপতআর দায়িত্বে।
