২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভালো, তাই যানজটের কারণ নেই: কাদের

রাস্তা ভালো হওয়ায় এবার ঈদে মহাসড়কের যানজটের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2019, 02:55 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

শুক্রবার ঢাকার মহাখালী বাস টার্মিনালে পরিদর্শন শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, “রাস্তা ভালো হওয়ায় এবার ঈদে সড়ক মহাসড়কে যানজটের কোনো কারণ নেই। এমনকি ঈদের পর কর্মস্থলে যাত্রীদের ফিরতেও কোনো অসুবিধায় পড়তে হবে না।”

ঈদযাত্রার এই সময়ে সব রুটে সড়কে শৃঙ্খলা রয়েছে দাবি করে তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অভিযোগ পাননি তিনি।

“গাজীপুর-টঙ্গী রুটে বৃষ্টি-বাদলে কিছুটা সংকট হবে ভেবেছিলাম। কিন্তু বাস্তবে এই রুটে যান চলাচল অব্যাহত ছিল। বৃষ্টিবাদল হলে হয়ত কোথাও গাড়ির গতি ধীর হবে। তবে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই।”

মহাখালী টার্মিনালে পৌঁছে তিনি বিভিন্ন বাস কাউন্টারের গিয়ে ভাড়ার বিষয়ে খোঁজ-খবর নেন মন্ত্রী।

তিনি বলেন, “ভাড়ার ব্যাপারে যাত্রীদের সাথে কথা বলেছি; যাত্রীরা কোনো অভিযোগ করেনি। চাঁদাবাজির বিষয়ে সতর্ক করা হয়েছে। আমি আশা করি, ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারময়াব মশিয়ার রহমান ও পরিবন শ্রমিক নেতা মো. ওসমান আলী।