২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে প্রধানমন্ত্রী

ইসলামিক দেশগুলোর জোট ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2019, 11:31 PM

Updated : 10 Oct 2022, 09:09 PM

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর বদর বিন সুলতান বিন আব্দুলআজিজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি সৌদি আরবের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল স্ট্যাটিক গার্ড অব অনার দেয়।

এরপর ওআইসি সম্মেলনে যোগ দিতে জেদ্দা থেকে মক্কা যান প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে মক্কায় ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার ওমরাহ পালন করবেন তিনি। এরপর রোববার মদিনায় হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন।

টোকিওর স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে যাত্রা করে। টানা ১৩ ঘণ্টা ৪৯ মিনিট উড্ডয়নে সাড়ে নয় হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে সেটি জেদ্দায় পৌঁছায়। এটাই বাংলাদেশ বিমানের দীর্ঘতর ফ্লাইট বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সৌদি আরব সফর শেষে মদিনা থেকেই সোমবার ভোরে ফিনলান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন দেশ ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাত্রা করে বিকেলে টোকিও পৌঁছান শেখ হাসিনা।

এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে আড়াইশ কোটি ডলারের একটি সহযোগিতা চুক্তি সই হয়।

বৃহস্পতিবার ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য যুদ্ধের উত্তেজনা প্রশমিত করে এশীয় দেশগুলো কীভাবে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে, সেই পথ খোঁজার আহ্বান জানান তিনি।