২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ, আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে জনগণের কাছ থেকে ১১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 06:15 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

প্রতিষ্ঠানটির এমডি আব্দুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান মো. আনিসুর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার বাগেরহাট সদর থানায় এই মামলা করেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়া।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে ১১০ কোটি ৩১ লাখ নয় হাজার ১৩৫ টাকা অবৈধভাবে অর্জন, অর্থ স্থানান্তর, হস্তান্তর করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ (২), ৪ (৩) ও ৪ (৪) ধারায় অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, বাগেরহাট ও খুলনা জেলাসহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে সর্বন্ম্নি ৫০ হাজার থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত আমানত সংগ্রহের কথা বলে নিয়েছে এই কোম্পানি।

মামলার এজাহারে বলা হয়, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড বাগেরহাট শহরের কে আলী রোডের মিঠাপুকুর পাড়ে অবস্থিত। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা (প্রতি শেয়ার এক হাজার টাকা হিসেবে এক লাখ সাধারণ শেয়ার) এবং পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা।

নিউ বসুন্ধরার চেয়ারম্যান হিসেবে আনিসুর রহমানের নাম থাকলেও আব্দুল মান্নান তালুকদারই সব কিছু নিয়ন্ত্রণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এহাজারে বলা হয়, মানুষের কাছ থেকে সয়গ্রহ করা আমানতের সিংহভাগই আব্দুল মান্নান তালুকদার নিজের নামে জমি কিনতে ও পরিবারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।

প্রতিষ্ঠানটির পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার কথা থাকলেও তা না করে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করেছে। আমানত সংগ্রহের এ প্রক্রিয়া ব্যাংক কোম্পানি আইনের লংঘন বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট কোম্পানির বিনিয়োগকারীর সংখ্যা ২০ হাজার ৫৫৫ জন।তাদের কাছ থেকে ২৯৯ কোটি ২০ লাখ ৬৯ হাজার টাকা বিনিয়োগ হিসেবে সংগ্রহ করা হয়। এর মধ্যে পরে কিছু গ্রাহককে ৭৬ কোটি ৮৫ লাখ টাকা ফেরৎ দেওয়া হয়।

‘নামে রিয়েল এস্টেট কোম্পানি হলেও বাস্তবে এটির কাজের সাথে রিয়েল এস্টেটের কাজের কোনো মিল নেই। কোম্পানিটি এলএলএম কোম্পানির মত বিভিন্ন দালালদের সহায়তায় নিরীহ জনগণকে ভুল বুঝিয়ে অধিক মুনাফার (এক লাখ টাকায় মাসে ২৫০০ টাকা) লোভ দেখিয়ে বিভিন্ন অংকের টাকা আমানত হিসেবে গ্রহণ করেছে,’ বলে মামলায় উল্লেখ করা হয়।

লাভের কথা বলে যে টাকা মানুষকে ফেরৎ দেওয়া হয়েছে তা আসলে সংগ্রহ করা আমানতের টাকা উল্লেখ করে এজাহারে বলা হয়, বাস্তবে ব্যবসা থেকে কোম্পানির কোনো মুনাফা হয়নি। জনগণের সাথে প্রতারণা করে একসময় বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে পালিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য ছিল।

দুদকের অনুসন্ধানের তথ্য দিয়ে মামলায় বলা হয়, প্রতিষ্ঠানটির এমডি আব্দুল মান্নান, তার পরিবার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৩০টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব হিসাবগুলোতে আমানতকারীদের কোটি কোটি টাকা জমা হয়েছে এবং উত্তোলন করা হয়েছে। যেদিন টাকা জমা হয়েছে সেদিনই বা তার পরদিন টাকা উত্তোলন করা হয়।

২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে এই ঘটনা ঘটে।

আব্দুল মান্নান ১৯৮৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে এমএলএসএস পদে চাকরি করেন। চাকরি থেকে তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের নিবন্ধন করেন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির অ্যান্ড ফার্মসে।