২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান্থপথের এনা টাওয়ারের শাটার ভেঙে চুরি

রাজশাহী- ৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের মালিকাধীন আবাসন প্রতিষ্ঠান এনা প্রপার্টিজের কার্যালয়ে চুরি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 06:19 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

গত সোমবার রাতে রাজধানীর পান্থপথের ১২ তলাবিশিষ্ট এনা টাওয়ারের পাঁচটি ফ্লোরের শাটার ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

এনা প্রপার্টিজের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোসলেউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে অফিসে আসার পর বিষয়টি তাদের নজরে পড়ে। ওই পাঁচ ফ্লোরের মধ্যে তিনটিতে এনা প্রপার্টিজের, বাকি দুটির একটিতে নাভানা ইন্ডাস্ট্রিজ ও এবিএস গ্রুপের কার্যালয় আছে। সবগুলো ফ্লোরের কার্যালয়গুলোর বিভিন্ন ড্রয়ারে থাকা টাকা নিয়ে গেছে চোরেরা।

তিনি বলেন, এনা প্রপার্টিজের কার্যালয়ের নিরাপত্তাকক্ষে ঢুকে কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে গেছে চোরেরা। ফলে ওই তিন ফ্লোরের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। তবে নাভানার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। সেখানে চোরদের ছবি পাওয়া গেছে।

“ফুটেজে দেখা যায়, চোরেরা নাভানায় ৬টা ৪৮ মিনিটে ঢুকেছিল এবং সাড়ে ৯টায় বের হয়।”

মোসলেউদ্দিন বলেন, “এনা প্রপার্টিজের ঠিক কত টাকা চুরি হয়েছে তা নির্ণয় করার চেষ্টা চলছে। তবে তা ২০ লাখের কম হবে না। তাছাড়া নাভানা এবং এবিএসেরও কিছু টাকা নিয়েছে বলে শুনেছি।”

এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে।”