২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন, যানজটে বসে দেখুন: আহ্বান ঢাবি উপাচার্যকে

যানজটের দুর্ভোগ মেনে নিতে আহ্বান জানানোর পাল্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে যানজটের অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 04:43 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

তিনি বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আখতারুজ্জামানের বক্তব্যের পাল্টায় বলেন, “আমি তাকে বলব, আপনিও সাধারণের কাতারে নেমে আসুন। দুই-তিন ঘণ্টা যানজটে বসে থাকুন। তখন হাসিমুখে বলুন, আমি আপনাদের পাশে আছি।”

যানজট ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। এবার রোজায় প্রচণ্ড গরমের মধ্যে যানজটের দুর্ভোগের মধ্যে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উন্নয়নের খাতিরে যানজট হাসিমুখে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

যানজটকে হাসিমুখে মেনে নিতে বললেন ঢাবি উপাচার্য  

মিজানুর বলেন, “তিনি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য সাময়িক এই দুর্ভোগ হাসিমুখে মেনে নিতে।
“আপনি দুর্ভোগ পোহাবেন না, জনগণকে হাসিমুখে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানাবেন? দেশের মানুষ তা মেনে নেবে, এতটা বোকা এদেশের মানুষ নয়।”

Image
অধ্যাপক মিজানুর রহমান (ফাইল ছবি)

অধ্যাপক মিজানুর রহমান (ফাইল ছবি)

Image
অধ্যাপক মো. আখতারুজ্জামান (ফাইল ছবি)

অধ্যাপক মো. আখতারুজ্জামান (ফাইল ছবি)

সড়কে নিরাপত্তার দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সভায় মিজানুর আরও বলেন, দেশে এখন আইনের শাসন নেই।

“আইনের শাসন নেই বলেই এত সমস্যা। এই রাষ্ট্র ধনীদের, গরিবের নয়। ধনীদের অধিকার রক্ষা করে, গরিবের নয়। আজ দেখলাম রিকশা উল্টো পথে চলায় তা উল্টে দেওয়া হয়েছে। এক‌ই সড়কে ভিআইপিরা উল্টো পথে সাইরেন বাজিয়ে চলেছে, তাদের গাড়ি উল্টে দিতে পারেনি।”

সড়ক নিরাপদ করতে প্রয়োজনে নতুন আইন প্রণয়নের দাবি জানান আইনের এই শিক্ষক।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিআরটিএর সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান, বিটিসিএল সাবেক নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বিআরটিএর পরিচালক মাহবুব ই রব্বানী বক্তব্য রাখেন।

পুরনো খবর:

যানজটকে হাসিমুখে মেনে নিতে বললেন ঢাবি উপাচার্য