২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজের কামরুজ্জামানের চেয়ে কোটি টাকার বেশি সম্পদ স্ত্রীর

সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 04:25 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

বুধবার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলা দুটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, কামরুজ্জামানের চেয়ে তার স্ত্রীর এক কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৫৩৬ টাকার বেশি অবৈধ সম্পদ রয়েছে।
কামরুজ্জামান ১৯৮০ সালে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরে যোগদান করেন। তারপর নিয়মিত পদন্নোতির মাধ্যমে ২০১৬ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। একই বছরে তিনি অবসরে যান।

এজাহারে বলা হয়, কামরুজ্জামান ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি ৩০ লাখ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

অন্যদিকে তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে মামলার এহাজারে বলা হয়, তিনি একজন গৃহিনী। তার দুই কোটি চার লাখ চার হাজার ১২৮ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তিনি এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।