২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারও মানহানি ঘটিয়ে মত প্রকাশের স্বাধীনতা সংবিধান দেয়নি: বিচারপতি মানিক

বিচারাধীন মামলার সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে মন্তব্য করে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, খেয়াল রখতে হবে মত প্রকাশের স্বাধীনতার নামে যেন মিডিয়া ট্রায়াল, বিচার প্রভাবিত ও আদালতের মর্যাদা ক্ষুণ্ন না হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 11:32 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

মঙ্গলবার সন্ধ্যায় ‘বিচারাধীন মামলার সংবাদ পরিবেশনের সতর্কতা’ বিষয়ক অলোচনা সভায় তিনি একথা বলেন।

রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনয়তনে এ সভার আয়োজন করে লোমাকণ্ঠ নামের একটি পাক্ষিক।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মানিক বলেন, “বিচারালয় হচ্ছে সকল মানুষের শেষ আশ্রয়স্থল। সেটা সাংবাদিকদেরও, রাজনীতিবিদদেরও শেষ আশ্রয়স্থল।

“এই আশ্রয়স্থলটি যেন কলঙ্কিত না হয় সেটি সাংবাদিকদের খেয়াল রাখতে হবে। এটা সংবিধানেরও কথা। সংবিধান যেমন মত প্রকাশের স্বাধীনতার গ্যারান্টি দিয়েছে, একইভাবে মত প্রকাশের স্বাধীনতার উপর কতগুলো বিধিনিষেধও দিয়েছে।

“আমরা সাংবদিক হই বা অন্য যেই হই না কেন, এমন কোনো কথা কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আসবে না, যার ফলে অন্য আরেক ব্যক্তির মানহানি ঘটে। কারও মানহানি ঘটিয়ে মত প্রকাশের স্বাধীনতা সংবিধান আমাদের দেয়নি।

“মত প্রকাশের স্বাধীনতার নমে এমন কোনো কথা বলা যাবে না যার ফলে দেশে বিশৃঙ্খলা-নৈরাজ্যের সৃষ্টি হতে পারে, ধর্মের উপর আঘাত আসতে পারে বা ধর্মীয় হানাহানির সৃষ্টি হতে পারে।” 

বিচারধীন বিষয়ে সংবাদ পরিবেশন নিয়ে তিনি বলেন, “সংবিধানই বলেছে, এমন কোনো কথা বলা যাবে না, যার ফলে আদালত অবমাননা ঘটতে পারে। সাংবাদিক বলি আর অন্য যেই বলি নিজেদের খেয়াল রাখতে হবে।

“এমন কিছু কথা বা এমন কিছু ঘটনা আমরা প্রচার-প্রকাশ করব না, যার ফলে আমাদের আদালতের মান ক্ষুণ্ণ হয়। আদালতের উপর জনগণের যে আস্থা, সে আস্থাকে নিয়ে যেন কটাক্ষ করা না হয় বা অন্য কোনোভাবে আইনের শাসনের উপর যেন বাধা না আসে। এটা সাংবাদিকদের বুদ্ধি-বিবেচনার মধ্যে এনেই চলতে হবে।”

সম্প্রতি বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে বারণ করে হাই কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তি দেওয়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে গত ২১ মে নতুন বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্ট সব সময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং বিচারকার্য প্রভাবিত হয়, এমন সংবাদ পরিবেশন বা প্রচার প্রত্যাশিত নয়।”

তার আগে গত ১৬ মে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “‘ইদানিং’ কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা ‘একেবারেই অনভিপ্রেত’।

“এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

এ বিজ্ঞপ্তির পর গত ২১ মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি মানিক বলেন, “পরবর্তী বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমার মনে হয়, এ নিয়ে আর মতবিরোধের সুযোগ নেই।

“সাংবাদিকদের দায়িত্ব রয়েছে বিচারাধীন মামলায় প্রতিদিন কী হচ্ছে না হচ্ছে সেই কথাগুলো জনগণের সামনে পেশ করার। এতে জনগণও যেমন উপকৃত হয়, তেমনি সাংবাদিকরাও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতে পারেন। সুতরাং এই ব্যাপারে আর কোনো দ্বন্দ্ব বা বিভেদ বা ধূম্রজাল সৃষ্টির কোনো সুযোগ নেই।”

পাক্ষিক ওলামাকণ্ঠের সম্পাদক মো. আখতার হুসাইন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদ সদস্য খায়রুজ্জামান কামাল, সাংবাদিক শেখ মামুনুর রশিদসহ আরও অনেকে।