যার কাছে দাবি করবেন, তাকে আগে ভেজালমুক্ত হতে হবে: শামসুল
নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য দায়িত্বশীলদের আগে ভেজালমুক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ খাদ্যের স্বরূপ সন্ধানে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
শামসুল আলম বলেন, “নিরাপদ খাদ্যের নিশ্চিয়তা কার কাছে চাবেন? যার কাছে চাবেন সে যেন আগে ভেজালমুক্ত হয়। আমাদের জীবনকে বিপ্ন্ন করে যারা তাদের বিচার অবশ্যই করতে হবে।”
আলোচনায় কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “রাজনীতি, রাষ্ট্রযন্ত্র যখন নষ্ট হয়ে যায় তখন খাদ্য-দ্রব্য সঠিক রাখা সম্ভব না। ভালো সরকার থাকলে, ভালো প্রশাসন থাকলে এই সমস্যা থাকত না। তেলমুক্ত খাদ্য যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনি তেলমুক্ত প্রশাসনও সবার জন্য ভালো।”
খাদ্যে ভেজাল মেশানোর মতো সমস্যা প্রতিনিয়ত বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, “যারা কোটি কোটি মানুষকে বিষ খাইয়ে মারছে তাদের মৃত্যুদণ্ড প্রাপ্য। এই জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “মৃত্যুদণ্ড দিয়ে এই পরিস্থিতির একেবারে পরিত্রাণ পাওয়া সম্ভব না, তবে কিছুটা পরিত্রাণ সম্ভব। ভেজালের বিরুদ্ধে জনগণের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে।”
মুনাফার জন্য লোভ তাড়িত সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে দেশ অগ্রসর হলে খাদ্যে ভেজালসহ অন্যান্য সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
খাদ্যে ভেজালের জন্য মৃত্যুদণ্ডের বিরোধিতা করে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, “কথায় কথায় মৃত্যুদণ্ড চাওয়া আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আসলে মৃত্যুদণ্ডের মাধ্যমেই কোনো অপরাধ একেবারে বন্ধ করা যায়নি।
“খাদ্যে ভেজাল এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি। এই অবস্থায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের প্রয়োগ দরকার।”
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “খাদ্যে ভেজালের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি দেওয়া দরকার। এছাড়া যারা খাদ্যে ভেজাল মনিটর করছেন তাদের ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে। যে ব্যবস্থা মুনাফা সৃষ্টি করে তা বহাল থাকলে এই পরিস্থিতি থেকে রেহাই নেই।”
আইনজীবী মনজিল মোরশেদ বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী আছে, হঠাৎ করে তাদের বড় লোক হওয়ার আকাঙ্ক্ষা থেকেই খাদ্যপণ্যে ভেজাল করা হচ্ছে। সংসদেও ব্যবসায়ীদের আধিক্য বেড়েছে। যে কারণে কোনো আইন দিয়েও ভেজাল ঠেকানো সম্ভব হচ্ছে না। এই জন্য জনগণকে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে। মোবাইল কোর্ট যখন খাদ্যপণ্যে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক মেশানোর ঘটনা পাবে তা যেন শুধু জরিমানা না করে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। এই আইনে খাদ্যে ভেজাল মেশানোর দায়ে অপরাধীর মৃত্যুদণ্ডও হতে পারে।”
মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, “আমরা খাব কী? সব কিছুতেই বিষ। বাতাসেও বিষ! আটা-ময়দাসহ সকল খাবারে ভেজাল মেশানো হয়। আমরা আসলে কীভাবে বেঁচে আছি? জনগণকে বাঁচিয়ে রাখার জন্য এই দেশে কিছু করা হচ্ছে না।
“এখানে প্রথম দায়িত্ব সরকারের। যারা খাবারে ভেজাল যুক্ত করে তাদেরকে মানুষ হত্যা করার শামিল হিসেবে ধরে নিয়ে আন্দোলন করতে হবে। এতে সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে।”
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মুশতাক হাসান মো. ইফতেখার জানান, খাদ্যে ভেজালের বিরুদ্ধে ১৯৬৯ সালে বিধিমালা হয়েছে। এই বিধিমালা হওয়ার পর গত ৫৭ বছরে খাদ্যে ভেজালের পরিমাণ ৫৭ শতাংশ বেড়েছে।
এখন জনগণকে খাদ্য ভেজাল নিয়ে আতঙ্কিত না করে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই অবস্থান থেকে পরিত্রাণের জন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার কথা বলেছেন তিনি।
বাংলাদেশ মেজিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, “অনিরাপদ খাবারের কারণে বিভিন্ন মারাত্মক রোগ বেড়ে গেছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ অসেচতন, এই সুযোগে অতি মুনাফা লোভীরা অর্থের জন্য খাবারে ভেজাল মিশিয়ে থাকে। এদের মাফ করার কোনো সুযোগ নেই। দোষীদের শাস্তি প্রদানের জন্য আইনের যথাযথ প্রয়োগ দরকার।”
সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আবুল মকসুদ। অনুষ্ঠানে সাওল হার্ট সেন্টারের চেয়ারম্যান মোহন রায়হানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিও বক্তব্য দেন।
গোলটেবিল আলোচনায় হার্ট সেন্টারের জ্যেষ্ঠ কনসালটেন্ট ডা. এম এম রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
