গুলশান ডিএনসিসি মার্কেটে ভোক্তা অধিকারের অভিযান
রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি পণ্যের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসব পণ্যে বিএসটিআই কিংবা আমদানিকারকের কোনো স্টিকার না পেয়ে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের জরিমানা করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার রাজধানীর মিরপুর, গুলশানসহ একাধিক বাজারে এই অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে তারা গুলশান ডিএনসিসি মার্কেটে যান।
“সেখানে বিভিন্ন দোকানে কসমেটিকস, খাবার, পানীয়সহ প্রচুর বিদেশি পণ্য দেখা যায় যাতে বিএসটিআই কিংবা আমাদনিকারকের স্টিকার ছিল না। এসব পণ্য বিদেশি নাকি স্থানীয় বাজারে তৈরি তা বোঝার উপায় নেই।
“প্যাকেটের গায়ে মূল্য কিংবা মেয়াদ লেখা না থাকায় তা ভোক্তাদের প্রতারিত হওয়ার কারণ হতে পারে।”
এসব অপরাধে ওই মার্কেটের আল্লাহর দান ট্রেড সেন্টারকে ১০ হাজার, পারভেজ এন্টারপ্রাইজকে ১০ হাজার, মুনিরা ট্রেড সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের কারণে বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা, ভাই ভাই বিরিয়ানী ঘরকে ১০ হাজার টাকা ও প্রতিশ্রুতি অনুযায়ী যথাযথভাবে পণ্য সরবরাহ না করায় বনফুলকে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবশ্য পারভেজ এন্টারপ্রাইজের মালিক পরিচয়ে এক ব্যক্তি বলেন, “আমরা সামান্য পণ্য ক্রয় করে বিক্রি করি। সেখানে বিএসটিআই কিংবা আমদানিকারকের সিল নিশ্চিত করা খুচরা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব না। যারা আমদানি করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব।”
মুনিরা ট্রেড সেন্টারের মালিক বিল্লাল হোসেন বলেন, তার দোকানে একটি ভারতীয় কোম্পানির গুঁড়ো শরবতের কৌটা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে আমদানিকারকের তথ্য ছিল না।
ভবিষ্যতে তিনি বিএসটিআই কিংবা আমদানির তথ্য ছাড়া কোনো পণ্য কিনবেন না বলে জানান।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সহকারী পরিচালক মাসুম আরিফিন ও আফরোজা রহমান এই অভিযান পরিচালনা করেন।
