চুক্তিতে না চালাতে রাইডারদের পরামর্শ পুলিশের
অ্যাপভিত্তিক যানবাহনের চালকদের মৌখিকভাবে চুক্তির ভিত্তিতে সেবা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এতে তারা বিপদের সম্মূখীন হতে পারেন বলে সতর্কও করা হয়েছে।
সোমবার পিকমি রাইড শেয়ারিং অ্যাপের চালকদের কর্মশালা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর তত্ত্বাবধায়ক পুলিশ সুপার মো তবারক উল্লাহ এই পরামর্শ দেন।
ঢাকার শ্যামলীর হোয়াইট প্যালেস কনভেনশন হলে পিকমি এ কর্মশালার আয়োজন করে। পিকমি`র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর আলী রাজের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তবারক উল্লাহ পিকমি চালকদের উদ্দেশে বলেন, “যদি কেউ আপনাদের বাহনে উঠে অনেকক্ষণ ঘোরাফেরার পর বলেন যে ভাই আমার সারা দিন লাগবে অ্যাপ বন্ধ করে চুক্তিতে চলেন, অ্যাপের চেয়ে বেশি টাকা পাবেন। তখনই বুঝতে হবে ফাঁদে ফেলতে চাচ্ছে।
“এরপর তার সুবিধামতো জায়গায় নিয়ে আপনাকে বিপদে ফেলবে, আপনি বুঝতেও পারবেন না।”
যে কোনো বিপদের সময় ৯৯৯ নম্বরে কল করলে সঙ্গে সঙ্গে সেবা পাওয়া যাবে বলেও জানান তিনি।
কর্মশালায় প্রায় ৫০ জনের মতো পিকমি`র চালক অংশে নেন।
কর্মশালায় বিআরটিএ সহকারী পরিচালক ফারুক আহমেদ এবং সহকারী প্রোগ্রামার শাহজান কবীর উপস্থিত চালকদের ড্রাইভিং ও আইন কানুন মেনে চলার বিষয়ে নানা পরামর্শ দেন।
অনুষ্ঠানে পিকমি`র ওমর আলী রাজ বলেন, দ্রুত বর্ধনশীল এ শিল্পে সকল অংশীজনদের মধ্যে প্রচুর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি, যাতে অদূর ভবিষ্যতে এ খাতে শৃঙ্খলা নিশ্চিত করে দেশের পরিবহন খাতে বাস্তব অর্থেই ডিজিটাল বিপ্লব ঘটানো যায়।
