২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বার মৃত্যু

রাজধানী পোস্তগোলা বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2019, 04:54 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

সোমবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান।

নিহত সোমা আক্তারের (৪০) বাসা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।

ওসি মিজানুর বলেন, সেতুর পোস্তগোলা ঢালে ফতুল্লা থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সোমা।

“সোমাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সোমার দেবর রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন তার ভাবি।

সোমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান রায়হান।

সোমার স্বামী আসাদ কুয়েত প্রবাসী। এই দম্পতির আরও দুই ছেলে রয়েছে।

ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়েছে।