হিমালয়ের ফার্চামো পর্বত অভিযানে যাচ্ছেন ৪ বাংলাদেশি
হিমালয় অঞ্চলের ২০ হাজার ৩০০ ফুট উচ্চতার ফার্চামো পর্বত শিখরে প্রথমবারের মত বাংলাদেশের পতাকা ওড়াতে অভিযানে যাচ্ছেন ৪ বাংলাদেশি।
এভারেস্টজয়ী এম এ মুহিতের নেতৃত্বে এই অভিযাত্রী দলে আরও আছেন বাহলুল মজনু, শায়লা পারভীন ও রিয়াসাদ সানভী।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের পক্ষ থেকে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।
দলনেতা মুহিত সংবাদ সম্মেলনে জানান, ১৯ মে তারা নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তাদের এই অভিযান হবে ২১ দিনের।
সংবাদ সম্মেলন শেষে অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের হাত থেকে বাংলাদেশের পতাকা গ্রহণ করেন অভিযাত্রী দলের সদস্যরা।
তাদের মধ্যে মুহিত, বাহলুল ও শায়লা গত বছর ১৭ মে হিমালয় পর্বতমালার উত্তর-পূর্বে ২৩ হাজার ১১৩ ফুট উচ্চতার লাকপা রি পর্বতশৃঙ্গে প্রথমবারের মত বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে এসেছেন।
এর আগে এম এ মুহিত দুই বার এভারেস্টে উঠেছেন। বাহলুল মজনু পাঁচটি এবং শায়লা পারভীন একটি পর্বতশৃঙ্গে উঠেছে, যেগুলোর উচ্চতা ছয় হাজার মিটারের বেশি।
অভিযাত্রী রিয়াসাদ সানভী সংবাদ সম্মেলনে বলেন, ফার্চামো পর্বতের উচ্চতা ২০ হাজার ৩০০ ফুট। এভারেষ্টের দক্ষিণ পশ্চিমে হিমালয়ের রোল ওয়ালিং অঞ্চলে এই পর্বত।
এই পর্বতের বেইজ ক্যাম্পে পৌঁছাতে অতিক্রম করতে হবে নেপাল হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ গিরিপথ তাশিলাপচা।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “ঝুঁকিপূর্ণ ও আনন্দদায়ক কাজের জন্য প্রশিক্ষণ নিতে হয়। যারা এ বিষয়ে দক্ষ তারা নতুনদের সহায়তা করবেন। এতে করে তারা দেশের জন্য গৌরব বয়ে আনবে।”
ঢাকায় নেপাল দূতাবাসের শার্জ দ্য অ্যাফায়ার্স ধন বহাদুর ওলী, অভিযানের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের মহা ব্যবস্থাপক (জিএম) ওমর হান্নান, আজিম গ্রুপের এজিএম মো. আবু সাঈদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
