সম্প্রীতির ঐতিহ্য মেনে উন্নয়নে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “আবহমানকাল থেকে এ দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি অত্যন্ত জাঁকজমকভাবে পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনন্য ঐতিহ্য। এই ঐতিহ্যের চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে বৌদ্ধ সম্প্রদায় দেশের উন্নয়নে তাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবেন-এ প্রত্যাশা করি।”
সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
“প্রাচীনকাল থেকে বাংলার জনপদের সাথে বৌদ্ধ সভ্যতা ও কৃষ্টি গভীরভাবে মিশে আছে। পাহাড়পুর ও ময়নামতি শালবন বিহার তার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মূল বাণী মানবকল্যাণ। সমাজে সত্য, সুন্দর, শন্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ধর্ম যুগে যুগে ভূমিকা রেখেছে।”
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকসহ বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করেন।
