২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসি স্টিলের শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে হাই কোর্টের নিষেধাজ্ঞা

আইন, প্রজ্ঞাপণ ও আদালতের নির্দেশ লঙ্ঘন করে সীতাকুণ্ডের উত্তর ছলিমপুরে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে বিবিসি স্টিল লিমিটেডের শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2019, 07:46 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

একই সঙ্গে শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য বিবিসি স্টিলকে জেলা প্রশাসনের দেওয়া ইজারা চুক্তির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণে আইনি সহায়তাকারী সংগঠন বাংলাদেশ আইনবিদ সমিতি- বেলা’র  জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহযোগিতা করেন মিনহাজুল হক চ্যেধুরী ও সাঈদ আহমেদ কবীর (সৌরভ)।  

আইনজীবী সাঈদ আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমুদ্রে কোনো চর জেগে উঠলে, সেই জায়গা ভূমি মন্ত্রণালয় বন বিভাগকে দিয়ে দেয়। বন বিভাগ ঝড়-জলোচ্ছাস থেকে উপকূলকে রক্ষার জন্য সেখানে বনায়ন করে।

এই কারণে সত্তরের দশক থেকে বিভিন্ন সময় সীতাকুণ্ডের ৬২৭ একর খাসজমি উপকূলীয় বনায়নের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করে ভূমি মন্ত্রণালয়, যা পরবর্তীতে বন আইন ১৯২৭ এর ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে বিভিন্ন সময় বিজ্ঞপ্তি জারি করে।

আইনজীবী সাঈদ বলেন, “কিন্তু চলতি বছরের ২১ মার্চ মার্চ উত্তর ছলিমপুর সংরক্ষিত বনাঞ্চলের ৭ দশমিক ১০ একর জায়গা শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে বিবিসি স্টিল লিমিটেডকে চট্টগ্রামের জেলা প্রশাসন লিজ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৮ এপ্রিল এ রিট আবেদন করে বেলা।

“সে অবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত বিবিসি স্টিল লিমিটেডের শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন যে লিজ দিয়েছিল সে চুক্তির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।” 

আইন, প্রজ্ঞাপণ ও আদালতের নির্দেশ লঙ্ঘন করে সীতাকুণ্ডের উত্তর ছলিমপুর মৌজার ৭ দশমিক ১০ একর প্রজ্ঞাপিত বনভূমি ‘শিপ ব্রেকিং ইয়ার্ড’ নির্মাণে ইজারা দেওয়া কেন অবৈধ, আইন বহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

এছাড়াও আদালতের নির্দেশ ও আইনের বিধান অনুযায়ী প্রজ্ঞাপিত বনভূমি সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

পরিবেশ সচিব, শিল্প সচিব, ভূমি সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রামের পুলিশ সুপার, বিভাগীয় বন অফিসার (কোস্টাল ফরেস্ট ডিপার্টমেন্ট), পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম বিভাগ), সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি), বিবিসি স্টিল লিমিটেডের সত্বাধিকারী মো. কাশেম রাজাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।