সোনা পাচারের মামলায় ঢাকায় একজনের জেল-জরিমানা
সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
দণ্ডিত মো. হাবিবুর রহমান (২৬) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মারতা গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।
সোমবার ঢাকার মহানগর চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার বলেন, রায়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন বিচারক।
রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিটে ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল মিবানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন হাবিবুর রহমান।
তিনি ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার পর কাস্টমস কমিশনার মো. লুৎফর রহমানের নের্তৃত্বে একটি দল তার কাছে অবৈধ কিছু আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
পরে তল্লাশী করে হাঁটুর পেছনে বিশেষভাবে আটকানো ২৮টি এবং মানিব্যাগ থেকে ছয়টি ও কাঁধের ব্যাগ থেকে একটি- মোট ৩৫টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন ছিল সাড়ে ৩ কেজি।
ওই ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আছর উদ্দিন বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৭ এপ্রিল বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ২৪ জুলাই ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
বিচারক ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য শুনে এ রায় দেন। আসামি নিজেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
