বাস চালক-হেল্পারদের ‘অর্ধেকই’ ভুগছেন দৃষ্টিশক্তির সমস্যায়: ব্র্যাক
ঢাকার বাস চালক ও সহকারীদের ৫০ শতাংশই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন বলে উঠে এসেছে ব্র্যাকের এক প্রতিবেদনে।
ব্র্যাক বলছে, বাস চালক ও সহকারীদের ৯৪ শতাংশই তাদের চোখে সমস্যা থাকতে পারে বলে মনে করেন। অথচ তাদের ৭২ শতাংশ জীবনে একবারও চোখের ডাক্তারের কাছে যাননি।
এই চালক ও সহকারীদের ২১ শতাংশ দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। ১২ শতাংশের চোখে ছানি পড়ায় তাদের অস্ত্রোপচার প্রয়োজন বলে রোববার এক আলোচনা সভায় জানানো হয়।
বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে রোববার বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ওই আলোচনা সভার আয়োজন করে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট।
ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩-২৪ এপ্রিল ব্র্যাক ও জেসিআইর উদ্যোগে সায়েদাবাদ বাস টার্মিনালে চক্ষুশিবির পরিচালনা করা হয়। সেখানে ১২ শতাধিক ড্রাইভার ও হেল্পারের চক্ষু পরীক্ষা করে পরামর্শ এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ৩০ জন ডাক্তার ও মেডিকেল আ্যসিসটেন্ট এই সেবা দেন। প্রয়োজনীয় ক্ষেত্রে চোখে অস্ত্রোপচারেও সহযোগিতা করে জেসিআই। এই চক্ষুশিবিরে প্রাপ্ত তথ্য ও উপাত্ত প্রকাশ করতেই আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্র্যাক জানায়, দুই দিনের চক্ষুশিবিরে যে চালক ও সহকারীরা এসেছেন, তাদের ৭৬ শতাংশকে চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। ১২ দশমিক ৬ শতাংশের চোখে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। আর শুধু ওষুধ দেওয়া হয়েছে ৪ দশমিক ১০ শতাংশকে।
ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিআরটিএর পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, বিশ্ব সাস্থ্য সংস্থার প্রতিনিধি তারা কেশরাম, জেসিআইর প্রেসিডেন্ট ইরফান ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরি সভাপতি রুস্তম আলী খান, ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ মজুমদার আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
