মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসির মালিককে কারাদণ্ড
ঢাকার ভাটারা থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল সাড়ে ৩টায় নতুন বাজার এলাকায় অভিযানে গিয়ে মেডিল্যাব মেডিকেল সার্ভিসেসে মেয়াদোত্তার্ণ ওষুধ পাওয়া যায়।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ফার্মেসির মালিক মুজিবুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
পরে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।
রমজান উপলক্ষে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে এক সভায় জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
