২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া পরিচয় দিয়ে দাফন করা হয়েছিল ওই জাপানি নারীকে

চার বছর আগে ঢাকার উত্তরার কবরস্থানে জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতাকে ভুয়া পরিচয়ে দাফন করা হয়েছিল বলে আদালতে সাক্ষ্যে বলেছেন ওই কবরস্থানের মোহরার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 10:31 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকছুদা পারভীনের আদালতে সাক্ষ্য দেন উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানের মোহরার ও ইমাম মো. আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, “২০১৫ সালের ২৯ অক্টোবর রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তিনজন ব্যক্তি একজন নারীর লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে আসেন। ওই নারী কীভাবে মারা গেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন, তিনি বাসায় মারা গেছেন।

“তখন তাদের কাছে মৃত মহিলার ভোটার আইডি কার্ড চাই। মৃত মহিলা ও অজ্ঞাত ব্যক্তিদের সম্পর্ক জানতে চাইলে তারা জানান, ওই নারী তাদের নানি হন। তার নাম হালিমা খাতুন বলে জানান। ভোটার আইডি কার্ড চাইলে তারা বলেন, নাই। পরে তারা তাদের একজনের প্রতিনিধির ভোটার আইডি কার্ড দেন। তা গ্রহণ করে সরকারি ফি ৫০০ টাকা আদায় করে দাফনের ব্যবস্থা করি।”

ষাটোর্ধ্ব জাপানি হিরোয়ি মিয়েতা ১০ বছর ধরে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিলেন। তিনি এ দেশে বায়িং হাউজের ব্যবসায় জড়িত ছিলেন বলে পুলিশের তথ্য। 

গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন, যাতে মিয়েতা তিন সপ্তাহ ধরে নিখোঁজ বলে উল্লেখ করা হয়। এরপর পুলিশ জানতে পারে, ২৯ অক্টোবর মিয়েতার মৃত্যুর পর তাকে গোপনে ঢাকার একটি কবরস্থানে সমাহিত করা হয়।

তার মৃত্যু ও গোপনে সমাহিত করায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় তদন্ত শুরু করে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান হাওলাদার। তদন্ত কর্মকর্তার আবেদনে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ তোলাও হয়।

হত্যা মামলাটি তদন্ত করে ওই থানার ওসি আবু বকর মিয়া ২০১৬ সালের ৩০ জুন ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আসামিরা হলেন- এইচ এম জাকির হোসেন পাটোয়ারী ওরফে রতন, মারুফুল ইসলাম, রাশিদুল ইসলাম বাপ্পি, ফখরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ও ডা. বিমল চন্দ্র শীল।

Image
জাপানি নারী হিরোয়ি মিয়েতার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিরা, তারা এখন জামিনে রয়েছেন (ফাইল ছবি)

জাপানি নারী হিরোয়ি মিয়েতার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিরা, তারা এখন জামিনে রয়েছেন (ফাইল ছবি)

ওই বছরের ৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার।

২৯ জন সাক্ষীর মধ্যে বুধবার পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ইমাম ছাড়া বাকি দুজন হলেন মজিবুর রহমান ও মো. রব্বানী।

তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন বলে জানান আদালতের পেশকার ইফতেখার আহমেদ।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা কৌশলে হিরোয়ি মিয়েতাকে অপহরণ করে আটকে রাখে। এরপর ২৯ অক্টোবর তাকে হত্যা করে গোপনে লাশ দাফন করে।

তবে আসামিদের দাবি, এই জাপানি নাগরিক অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। অবৈধভাবে বাংলাদেশে থাকছিলেন বলে তাকে কোনো হাসপাতালে নেওয়া হয়নি। তবে মৃত্যুর বিষয়টি জাপানে তার মাকে জানানো হয়।

আসামির তালিকায় থাকা ডা. বিমল চন্দ্র শীল ওই নারীর চিকিৎসা করছিলেন।

মিয়েতা ২০০৬ সাল থেকে বাংলাদেশে ছিলেন। উত্তরার ৬ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ের সিটি হোমসে থাকতেন। অনেক টাকার বিল বকেয়া পড়ায় মৃত্যুর আড়াই মাস আগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তার থাকার ব্যবস্থা করে দেন ‘বন্ধুরা’।

ওই বছরের গত ২৬ অক্টোবর থেকে মিয়েতোর মোবাইল ফোনটি বন্ধ পায় তার পরিবার। এরপর তার মা ঢাকার জাপানি দূতাবাসকে জানান। এরপর ১৯ নভেম্বর জাপান দূতাবাসের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুরনো খবর:

উত্তরায় জাপানি নারীর মৃত্যু নিয়ে ‘রহস্য’, তদন্তে পুলিশ
জাপানি নারী ‘হত্যা’ মামলায় পাঁচজন রিমান্ডে
জাপানি সেই নারীর মৃতদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ