২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের শিক্ষাভাবনায় শাসনের বদলে উদারতার আবহ: আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার মূলে রয়েছে আনন্দ ভাবনা, শাসনের বদলে ভালোবাসার মাধ্যমে শিক্ষা দানের কথা বলেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 04:43 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি বুধবার সকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার-২০১৯ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, “রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার মূলে ছিল আনন্দের ধারণা, যে শিক্ষা-কাঠামোয় কঠিন শাসনের পরিবর্তে ছিল উদারতার আবহ। রবীন্দ্রনাথ দেশপ্রেমে স্নাত ছিলেন। তবে কোনোভাবেই সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না। তার মানবভাবনার মূলে ছিল অসাম্প্রদায়িক বিশ্বনাগরিকের সুদৃঢ় অবস্থান।”

অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের বাংলাদেশ: শিক্ষা ও স্বদেশ ভাবনা’ শিরোনামে বক্তৃতা দেন অধ্যাপক আনোয়ারুল করীম।

তিনি বলেন, “রবীন্দ্রনাথের শিক্ষা ও স্বদেশ ভাবনা অনন্যতার দাবি রাখে। তার শিক্ষাভাবনা ছিল প্রায়োগিক ও বৈজ্ঞানিক। তিনি পূর্ববাংলায় জমিদারির দায়িত্ব নিয়ে এসেছেন, কিন্তু একই সঙ্গে পালন করেছেন মানবিক আসমানদারির দায়িত্ব।

“বাংলার শোষিত ও বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তার ভাবনার অন্ত ছিল না। তিনি ঔপনিবেশিক শক্তির হাতে তার স্বদেশভূমিকে লুণ্ঠিত হতে দেখেছেন। এই লুণ্ঠনের বিরুদ্ধে আত্মশক্তির জাগরণের মাধ্যমে রবীন্দ্রনাথ স্বদেশকে নতুন করে নির্মাণের ব্রত নিয়ে আমৃত্যু সাধনা করে গেছেন।”

স্বাগত ভাষণে হাবীবুল্লাহ সিরাজী জানান, বাংলা একাডেমি পাঁচ খণ্ডে রবীন্দ্রজীবন প্রকাশের কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে তিনটি খণ্ড প্রকাশ পেয়েছে।

আহমদ রফিকের সম্পাদনায় রবীন্দ্রজীবন-এর বাকি দুটো খণ্ড অচিরেই প্রকাশ পাবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক।

এই অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০১৯ দেওয়া হয়। এ বছর রবীন্দ্রসাহিত্যে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতি স্বরূপ শিল্পী ইকবাল আহমেদকে ‘রবীন্দ্র পুরস্কার-২০১৯’ দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী শামা রহমান এবং রবীন্দ্র পুরস্কারে ভূষিত ইকবাল আহমেদ। রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন বাচিকশিল্পী রূপা চক্রবর্তী।