২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ নাগরিককে হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে বিবৃতি

অধ্যাপক মুনতাসীর মামুন, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং অধিকারকর্মী সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের ৪১ ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 01:10 AM

Updated : 18 Aug 2022, 05:15 PM

সোমবার এব বিবৃতিতে তারা এই দাবি জানান।

‘লোন উলফ’ নামে একটি জঙ্গি সংগঠন তাদের মার্চের প্রকাশনায় মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির ও সুলতানা কামালকে হত্যার প্রক্রিয়া ও পরিকল্পনা প্রকাশ করে।

এ ঘটনায় গত শনিবার ধানমণ্ডি মডেল থানায় জিডি করেছেন সুলতানা কামাল, পরে জিডি করেন মুনতাসীর মামুনও।

৪১ নাগরিকের বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা প্রয়োজন। মৌলবাদী ও ধর্মের অপব্যবহারকারী এ ধরনের গোষ্ঠী ও তাদের অনুসারীদের একের পর এক অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করা যাবে না।

“এ গোষ্ঠী ধর্মের নামে একের পর এক অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই গোষ্ঠীর এহেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড রাষ্ট্র যন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছে।”

নাগরিক জীবনে নিরাপত্তা নিশ্চিতে জঙ্গিগোষ্ঠীকে দমন জরুরি মন্তব্য করে এতে বলা হয়, “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কোনো মানুষের মুক্ত চিন্তার আন্দোলনের বিরুদ্ধে এ ধরনের  ঘৃণ্য ষড়যন্ত্র ও প্রকাশ্য হুমকি মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।

”এদের দুঃসাহস ও অপকর্মের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে তাদের এ মুহূর্তে রুখতে না পারলে এদেশের কোনো নাগরিকের জীবন নিরাপদ থাকবে না।”

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন সাংসদ ও অধিকারকর্মী আরমা দত্ত, নারী আন্দোলনকর্মী হামিদা হোসেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল,  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অধিকারকর্মী খুশি কবির,  অধিকারকর্মী রোকেয়া কবির, মেঘনা গুহঠাকুরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন প্রমুখ।

পুরনো খবর:

তিন নাগরিককে ‘হত্যার হুমকি’, থানায় জিডি