তিন নাগরিককে ‘হত্যার হুমকি’, থানায় জিডি
একটি জঙ্গি গোষ্ঠী থেকে বাংলাদেশের খ্যাতনামা তিন ব্যক্তি অধ্যাপক মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও মানবাধিকারকর্মী সুলতানা কামালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে জানিয়ে থানায় জিডি হয়েছে।
সুলতানা কামাল শনিবার বিষয়টি জানিয়ে ধানমন্ডি মডেল থানায় জিডি করেছেন বলে ওই থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুলতানা কামাল আজকে দুপুরে এসে থানায় জিডি করেছেন। তিনি বলেছেন, ‘লোন উলফ’ নামের একটি জঙ্গি সংগঠন তাদের প্রকাশনায় তিনিসহ আারও দুজনকে (শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন) হত্যার হুমকি দিয়েছে।
“সে প্রকাশনায় এসেছে, তাদের কীভাবে হত্যা করা হবে। এতে উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে তিনি জিডি করেছেন।”
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মুনতাসীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ঢাকায় ফিরে তিনিও নিরাপত্তা চেয়ে জিডি করবেন।
শাহরিয়ার কবির জানান, সুলতানা কামাল ও মুনতাসীর মামুনকে পুলিশি নিরাপত্তা দিতে আইজিকে দুটো চিঠি দিয়েছেন।
তিনি বলেন, “লোন উলফ তাদের প্রকাশনায় বিস্তারিতভাবে বলেছে, কীভাবে মারতে হবে, মারার প্রস্তুতি কীভাবে নিতে হবে। ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, কোন ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে... অপারেশনের পরে কীভাবে এসকেপ করতে হবে বিস্তারিত লিখেছে।”
শাহরিয়ার কবির বলেন, “এই হত্যার হুমকি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এতে আমাদের বাচ্চাদের খুনি ও সন্ত্রাসী বানাচ্ছে তারা। এগুলো উদ্বেগজনক, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সত্যি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।”
