রোজায় অফিস সময়ে ফুটপাত থাকবে হকারমুক্ত: মেয়র খোকন
রোজায় অফিস সময়ে রাজধানীর কোনো ফুটপাতে হকার বসতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তবে অফিস সময়ের শেষে মতিঝিল এলাকায় হকাররা বসতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
রোজায় অফিস সময় নির্ধারিত হয়েছে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। অর্থাৎ সাড়ে ৩টার পর হকাররা বসতে পারবেন।
রোজা শুরুর আগের দিন সোমবার নগর ভবনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে এক মতবিনিময় সভা শেষে মেয়র বলেন, যানবাহন ও পথচারী চলাচল স্বাভাবিক রাখতেই ফুটপাতে কাউকে বসতে দেওয়া হবে না।
“হকারদের জন্য ১১টি হলিডে মার্কেট করে দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার আমাদের হকার ভাইয়েরা সেখানে ব্যবসা করতে পারবেন। আর মতিঝিল এলাকায় অফিস সময়ের পর সীমিত সংখ্যক জায়গায় ফুটপাতে হকাররা বসতে পারবেন। কিন্তু কোনোভাবেই অফিস চলাকালীন ফুটপাতের কোথাও বসা যাবে না।”
রমজানে যানজট পরিস্থিতি ঠিক রাখা, ফুটপাত দখলমুক্ত রাখা, জলাবদ্ধতা এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেন মেয়র।
তিনি বলেন, “রমজানে ইফতারের আগে মানুষ যেন ঘরে ফিরতে পারে, যানজট যেন সহনীয় রাখা যায়, সেসব বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ এসেছে, যেগুলো বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা বাস্তবায়ন করব।
“ফুটপাত হকার উচ্ছেদ করা, কিছু জায়গায় সড়ক সংস্কারের কথা তারা আমাদের বলেছেন। আমরা আমাদের করণীয় ঠিক করেছি, যেটা আগামীকাল থেকে বাস্তবায়ন শুরু হবে।”
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, রোজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা করেছেন তারা।
“সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব। ইতিমধ্যে আমরা বিপণি বিতানকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন মোড় ট্রাফিক পুলিশের বাড়তি সদস্য নিয়োগ করা হয়েছে।”
বিভিন্ন উন্নয়নকাজ চলতে থাকায় তার কারণে যানজটের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “এটাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সহনশীল রাখতে আমরা কাজ করছি।“
গাবতলী গরুর হাটে ইজারাদার চাঁদাবাজি করেন, এতে গরুর মাংসের দাম বেড়ে যাচ্ছে- মাংস ব্যবসায়ী সমিতির একজন নেতার এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
“চাঁদাবাজি করলে আমাদের কাছে অভিযোগ করুন। অভিযোগ সত্যি হলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।”
মতবিনিময় সভায় সিটি করপোরেশর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জাহিদ হোসেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলমসহ ডিএসসিসি এবং ডিএমপির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
