২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসহায়দের আইনি সহায়তা দেওয়া করুণা নয়: প্রধান বিচারপতি

দরিদ্র ও অসহায় মানুষকে আইনগত সহায়তা দেওয়া রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া কোনো দান বা করুণা নয়, এটা দরিদ্র ও অসহায় মানুষের অধিকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 12:09 AM

Updated : 18 Aug 2022, 05:15 PM

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবা: চলমান প্রক্রিয়া ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সমাজের সবচেয়ে নির্যাতিত-নিপীড়িত ব্যক্তি বিশেষভাবে নারী ও শিশুরা লিগ্যাল এইড থেকে যেন বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ন্যায় বিচার প্রাপ্তি এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার একটি সার্বজনীন মৌলিক মানবাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং দরিদ্রবান্ধব ও জনকল্যাণকর বিচার ব্যবস্থার অন্যতম শক্তি হলো আইনগত সহায়তা।

“সরকারি ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া কোনো দান বা করুণা নয়; এটা দরিদ্র ও অসহায় মানুষের অধিকার। আর রাষ্ট্রের এক অপরিহার্য দায়িত্ব।”

আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা দেওয়ার জন্য ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ প্রণয়ন করা হয়।

এ আইনটিকে ‘নন্দিত’ আইন অভিহিত করে প্রধান বিচারপতি বলেন, বর্তমানে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় এর কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এর সুফল ক্রমান্বয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে।

পরিসংখ্যান তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত দেশে ৩ লাখ ৯৩ হাজার ৭৯০ জনকে বিভিন্নভাবে আইনগত সহায়তা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ১৩ হাজার ৮৩১ জনকে আইনগত সহায়তা দিয়েছে; একে ‘প্রশংসনীয়’ বলেন প্রধান বিচারপতি।

আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির আর্থিক অসচ্ছলতাসহ আনুষঙ্গীক বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সমাজের সবচেয়ে নির্যাতিত-নিপীড়িত ব্যক্তি বিশেষভাবে নারী ও শিশুরা আইনগত সহায়তা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আইন সহায়তা সংক্রান্ত আইন, বিধি ও সার্কুলার যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আইনগত সহায়তা বিষয়ক আইন-কানুনকে প্রতিটি ল’স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া সরকারি খরচে পরিচালিত মামলাগুলো অত্যন্ত যত্নের সাথে ও দ্রুততার সাথে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কিছু কিছু বিষয়ে আইন সহায়তা দেওয়ার সময় পুঁথিগত আইন প্রয়োগের দৃষ্টির পাশাপাশি সামাজিক ও মানবিক দৃষ্টিকোণকে স্থান দেওয়া উচিত।

“যেমন আপসযোগ্য মামলা আদালতের বাইরে এবং মাদকের মামলায় মাদকাসক্তদের কারাগারে না পাঠিয়ে সমাজে অন্তর্ভুক্ত করার জন্য পুনর্বাসনের ব্যাপারটা ভেবে দেখা উচিত।”’

তিনি বলেন,‘ জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিআইজেড’র সাম্প্রতিক এক নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ৮৭ ভাগ মানুষ স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।